বিনোদন

হলিউডের সিনেমার সাথে অস্কার ও ক্রিটিকস চয়েসের দৌড়ে ‘রামায়ণ’

হলিউডের সিনেমার সাথে অস্কার ও ক্রিটিকস চয়েসের দৌড়ে ‘রামায়ণ’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক স্বীকৃতি পাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকার সেরা ২০-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি।

শুধু তাই নয়, ৩২তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের দুটি কারিগরি বিভাগেও সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’।

অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের এই তালিকায় ‘রামায়ণ’-এর সাথে রয়েছে হলিউডের বেশ কয়েকটি আলোচিত ও বড় বাজেটের সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, ডেনিস ভিলেন্যুর ‘ডিউন: পার্ট থ্রি’ এবং মার্ভেল স্টুডিওর ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’-এর প্রতিবেদন অনুযায়ী, অস্কারের এই বিভাগে পরবর্তী ধাপের ভোটাভুটির জন্য নির্বাচিত ২০টি সিনেমার মধ্যে রয়েছে ‘রামায়ণ’। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি বিভিন্ন সূত্রের বরাতে তালিকাটি নিশ্চিত করেছে। তবে অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে এই পর্যায়ের ২০টি সিনেমার তালিকা প্রকাশ করে না।

তালিকায় আরও রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘প্রজেক্ট হেইল মেরি’, ‘ডিসক্লোজার ডে’, ‘সুপারগার্ল’, ‘স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’, ‘গডজিলা মাইনাস জিরো’, ‘মোয়ানা’ ও ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’সহ বেশ কয়েকটি সিনেমা।

অস্কারের পাশাপাশি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসেও গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেয়েছে ‘রামায়ণ’। ৩২তম আসরের সেরা ভিজ্যুয়াল ইফেক্টস এবং সেরা স্টান্ট ডিজাইন-দুটি বিভাগেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে সিনেমাটি। গত ২৩ নভেম্বর ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন (সিসিএ) এ তালিকা প্রকাশ করে।

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে সিনেমাটির কাজের জন্য ভিজ্যুয়াল ইফেক্টস সুপারভাইজার ড্যান গ্লাসের নাম রয়েছে। এ বিভাগে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছে ‘দ্য ওডিসি’, ‘ডিউন: পার্ট থ্রি’, ‘গডজিলা মাইনাস জিরো’, ‘প্রজেক্ট হেইল মেরি’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘দ্য ফিউরিয়াস’।

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় এবার ৫৯টি সিনেমাকে মোট ১৪৪টি স্থানে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১১টি বিভাগে জায়গা পেয়েছে ‘দ্য ওডিসি’। ‘ডিউন: পার্ট থ্রি’ ও স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’ রয়েছে আটটি করে বিভাগে।

তবে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া চূড়ান্ত মনোনয়ন পাওয়ার সমান নয়। আগামী ৪ ডিসেম্বর ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। প্রতিটি কারিগরি বিভাগ থেকে ছয়টি সিনেমা মনোনয়নের জন্য নির্বাচিত হবে। আগামী ৩ জানুয়ারি ২০২৭ ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ভারতীয় মহাকাব্য অবলম্বনে নির্মিত দুই পর্বের সিনেমার প্রথম পর্ব। এতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। এছাড়া হনুমানের চরিত্রে সানি দেওল, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাজা দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত অভিনয় করেছেন।

নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এর ভিজ্যুয়াল ইফেক্টসের কাজে যুক্ত রয়েছে ডিএনইজি ও রিডিফাইন।

অস্কারের গুরুত্বপূর্ণ একটি বিভাগে সেরা ২০-এ জায়গা পাওয়া এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের দুটি কারিগরি বিভাগে স্বীকৃতি-সব মিলিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ‘রামায়ণ’কে ঘিরে প্রত্যাশা আরও বাড়ছে। দ্য স্টেটসম্যান দ্য স্টেটসম্যান

বিষয়:‘রামায়ণ পার্ট ১’ ৯৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অস্কার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড সেরা ভিজ্যুয়াল ইফেক্টস সেরা স্টান্ট ডিজাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…