বাংলাদেশ

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের উত্তাল মিরপুর, সড়ক অবরোধ শ্রমিকদের

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের উত্তাল মিরপুর, সড়ক অবরোধ শ্রমিকদের

ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সংসারের বাড়তি খরচের চাপে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও রাজপথে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকেরা।

রোববার (১ নভেম্বর) সকালে মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেন তারা। এতে আবারও অচল হয়ে পড়ে আশপাশের সড়ক, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন ও নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ ঘিরে পরিস্থিতি এখনো উত্তপ্ত।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকরা আজ সকালে জড়ো হন। তারা মিরপুর–১০ নম্বর মোড় অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকরা। সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর–১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে শ্রমিকরা মিরপুর–১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।

বিষয়:৩০ হাজার টাকা মিরপুর সড়ক অবরোধ শ্রমিকদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…