ন্যূনতম ৩০ হাজার বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত
মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও সড়কে নেমেছেন মিরপুরের পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট।
এর আগেও একই দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। গত ১৪ অক্টোবর উত্তরখান এলাকা থেকে মিছিল নিয়ে শ্রমিকরা উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরদিনও উত্তরার আজমপুর এলাকায় একই দাবিতে সড়ক অবরোধ করা হয়। এসব কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন শ্রমিকরা। একপর্যায়ে তাদের অবরোধে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।
মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
তিনি জানান, অবরোধের কারণে ১০ মিনিটের মতো যান চলাচলে ব্যাঘাত ঘটে। পরে আবারও স্বাভাাবক হয়।






