ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনের খেলার সময়। ব্যাটিংয়ে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের রান নেয়ার সময়ে অজি পেসার মিচেল স্টার্কের সাথে কিছুটা তর্কে জড়ান মিরাজ। পরে আম্পায়ার এসে দুজনের কথা থামিয়ে দেন, শুরু হয় আবারও খেলা। এ নিয়ে মিরাজের কাছে দুঃখ প্রকাশ করেছেন স্টার্ক।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অন্যতম সেরা তারকা। সেখানে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘গতকালকে না ওরকম কোন কিছু হয়নি। ব্যাটিং করার পর স্টার্ক সামনে চলে এসেছিল। আমিও আবার বলটা ওকে দেখতে পারিনি, তো উইকেটের ভিতর থেকে রানটা নিয়েছিলাম।’
‘এ ঘটনা ক্রিকেট খেলার মধ্যে হতে পারে। আজকে সকাল বেলা ও (স্টার্ক) আমার সাথে কথা বলেছে এবং কালকে যেটা হয়েছে, সেজন্য ও বলেছে যে, ঠিক আছে। এটা আমারও (স্টার্কের) ভুল হয়েছে, কিন্তু ঠিক আছে।’
এ ঘটনায় রান শেষ করার আগেই আম্পায়ার কুমার ধর্মসেনা মিরাজের কাছে গিয়ে সুরক্ষিত এলাকা দিয়ে না দৌড়ানোর জন্য সতর্ক করেন। মিরাজ তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দেন যে, বল দেখতে গিয়ে সামনে কী আছে বুঝতে পারেননি।
এই ঘটনার জেরেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক বলেছিলেন, এটি তার ফলো-থ্রুর জায়গা, মিরাজকে উইকেট ছেড়ে দিতে হবে। নিজের জায়গায় ফেরার পথে স্টার্ককে আরও একবার মন্তব্য করতে শোনা যায়- ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’








