প্রাক্তন স্ত্রীকে ভয় দেখানো ছাড়াও নির্যাতনের অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্লাটারের বিরুদ্ধে মামলা হয়েছিল। মানসিক স্বাস্থ্য বিচ্যুতির কারণ দেখিয়ে ৫২ বর্ষী তারকাকে কিছু শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়। আদালতের সেসব শর্ত লঙ্ঘন করে স্লাটার আবারও গ্রেপ্তার হয়েছেন।
গত সোমবার ম্যাজিস্ট্রেট মেগান গ্রিনউড স্লাটারকে কঠোর শর্তসাপেক্ষ জামিন দেন। অ্যালকোহল ও মাদকদ্রব্য থেকে বিরত থাকতে নির্দেশ দেন। একই সাথে ভালো আচরণ বজায় রাখতে বলা হয়। অজি তারকার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এমন সবার সাথে যোগাযোগে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। বাড়ি ফিরেই সেসব অমান্য করেছেন স্লাটার।
১৪ জুলাই সুস্থতার উদ্বেগ জানিয়ে বাড়িতে পুলিশ ডাকেন স্লাটার। পরে তাৎক্ষণিক সিডনির উত্তর সমুদ্র সৈকতে তার বাড়িতে ছুটে যায় ম্যানলি পুলিশ। সেখানে বেশকিছু অসংগতি চোখে পড়ে পুলিশের। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে সমুদ্র সৈকতের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্লাটারকে। সেখান থেকে তাকে ম্যানলি থানায় নিয়ে যাওয়া হয় এবং অভিযোগ করা হয় জামিনের শর্ত ভঙ্গ করেছেন তিনি।
স্লাটার অজিদের হয়ে ৭৪ টেস্টে ১৩১ ইনিংসে ৫,৩১২ রান করে অবসরে যান। ওয়ানডেতে ৪২ ম্যাচে ৯৮৭ রান তার। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন।








