বিনোদন

বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ১৩তম লিবারেশন ডকফেস্ট

বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ১৩তম লিবারেশন ডকফেস্ট

ঢাকায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘১৩তম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়স ফ্রঁসেজ ঢাকার ভেন্যুতে অনুষ্ঠিতব্য এ আয়োজনে দেশি-বিদেশি নির্মাতাদের নির্বাচিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

উৎসবের আয়োজকদের তথ্য অনুযায়ী, এবার দেশ-বিদেশের ১৮৮টি চলচ্চিত্র থেকে নির্বাচিত মোট ১৮টি প্রামাণ্যচিত্র দেখানো হবে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব ম. হামিদ।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে দক্ষিণ কোরিয়ার তরুণ নির্মাতা নাম আরুমের প্রামাণ্যচিত্র ‘কে-ফ্যামিলি অ্যাফেয়ার্স’। হোম ভিডিও, ব্যক্তিগত চিঠি ও রাজপথের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে নির্মিত ৯০ মিনিটের এই চলচ্চিত্রে জীবনের রূঢ় বাস্তবতায় দাঁড়িয়ে তারুণ্যের আদর্শবাদ শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় তা তুলে ধরা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা থেকে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। এদিনের প্রথম পর্বে থাকছে অ্যানসেস্ট্রাল রুটস অ্যান্ড লাইভলিহুডস, দ্য টেস্ট অব হানি এবং ক্রপস অব সলিডারিটি। এর মধ্যে পিবলকতো পরিচালনা করেছেন আনাস্তাসিয়া শুবিনা ও তিমোফেই গ্লিনিন। যুক্তরাষ্ট্রের এই ৩৮ মিনিটের চলচ্চিত্রের পাশাপাশি প্রদর্শিত হবে বাংলাদেশের ১৫ মিনিটের দ্য টেস্ট অব হানি এবং ১১ মিনিটের ক্রপস অব সলিডারিটি।

বিকেল ৫টায় প্রদর্শিত হবে ১৯৭১: লিভিং আর্কাইভস ও ফরগেট-মি-নট। ফাহিম হামিদ পরিচালিত ১৯৭১: লিভিং আর্কাইভস বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্মৃতি নিয়ে নির্মিত ৩৪ মিনিটের প্রামাণ্যচিত্র। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট উঠে এসেছে। একই পর্বে থাকছে মোহাম্মদ রাকিবুল হাসান ও ফাবেহা পরিচালিত ফরগেট-মি-নট।

সন্ধ্যা ৬টায় প্রদর্শনী ও প্রশ্নোত্তর পর্বে দেখানো হবে সন্দীপ কুমার মিস্ত্রি পরিচালিত ২০২৫ সালের ৭১ মিনিটের চলচ্চিত্র রেজিস্ট্যান্স অ্যান্ড রিফর্ম: বাসন্তী—আ স্ট্রাগল ফর স্প্রিং।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় প্রদর্শিত হবে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড স্টেটলেসনেস বিভাগে লোকাস কর্ডিস, লিটল সাহারা ও হাট। আলহাসান ইউসেফ পরিচালিত লোকাস কর্ডিস বেলজিয়াম ও সিরিয়ার আরব প্রজাতন্ত্রের প্রেক্ষাপটে নির্মিত ২০ মিনিটের চলচ্চিত্র। এ ছাড়া এমিলিও মার্তি লোপেজ পরিচালিত স্পেনের ৩০ মিনিটের লিটল সাহারা এবং ইউক্রেনের কাটে তিউরি পরিচালিত ১২ মিনিটের হাট প্রদর্শিত হবে।

বিকেল ৫টায় বিশেষ প্রদর্শনীতে থাকছে সুলতানাস ড্রিম- নিউ ভয়েসেস, ইনটিমেট রিয়ালিটিজ। এই পর্বে প্রদর্শিত হবে এ পনি, ডিয়ার আর টু পাই, একশা, ইকুইটি, লাস্ট রে অব লাইট বিফোর ডাস্ক, রাহির মা, দ্য রিভার আন্ডার স্কিন, আনটাইটেলড এবং হোয়ার হ্যাভ অল দ্য উইমেন গন?। চলচ্চিত্রগুলোর দৈর্ঘ্য ৩ থেকে ৮ মিনিটের মধ্যে।

উৎসবের শেষ দিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

প্রামাণ্যচিত্রের মাধ্যমে ইতিহাস, স্মৃতি, সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনসংগ্রাম তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসবে দেশি-বিদেশি বিভিন্ন নির্মাতার কাজ দেখার সুযোগ পাবেন দর্শকেরা। লিবারেশন ডকফেস্ট বাংলাদেশের আয়োজনে উৎসবটির ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আলিয়স ফ্রঁসেজ ঢাকা।

বিষয়:আগারগাঁও আলিয়স ফ্রঁসেজ চলচ্চিত্র প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধ জাদুঘর লিবারেশন ডকফেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…