মেজর লিগ সকারে শার্লট এফসির বিপক্ষে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইন্টার মিয়ামির। লিওনেল মেসিকে ফাউল করায় পেনাল্টির সুযোগ আসে। শট নেন বিশ্বজয়ীই, কিন্তু তার পেনাল্টি মিস যেন পরে মিয়ামির পুরো ম্যাচই বদলে দিয়েছে। নিয়মিত স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছাড়া মিয়ামি শুরুতে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষপর্যন্ত বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে।
শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে রোববার ৩-০ ব্যবধানে হেরেছে মিয়ামি। ৫৯ শতাংশ বল দখলে রেখে ১০ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে মিয়ামি। বিপরীতে শার্লটের ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। শার্লটের পক্ষে তোকলোমাতি পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন। ১৯৯৮ সালের পর এমএলএসের প্রথম কোন ২১ বা তারচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোলে অবদান রাখলেন তোকলোমাতি।
ম্যাচের শুরু থেকে মিয়ামির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে শার্লট। ৩০ মিনিটে মিয়ামি প্রথম ভালো সুযোগ পায় এগিয়ে যাওয়ার। বক্সের ভেতরে শট নিতে যাওয়া মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। পেনাল্টির সুযোগ কাজে লাগাতে পারেননি ৩৮ বর্ষী মেসি। তার শট জায়গায় দাঁড়িয়ে রুখে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্তিয়ান খালিনা। ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর প্রথমবার পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হলেন মেসি। মিয়ামির হয়ে আগে তিন পেনাল্টি নিয়ে সফল ছিলেন সবকটিতে।
মেসির মিসের পর একের পর এক গোল হজম করেছে মিয়ামি। ৩৪ মিনিটে দলীয় আক্রমণ থেকে শার্লটকে প্রথম গোল এনে দেন তোকলোমাতি। এ গোল নিয়ে বিরতি আসে। বিরতির পর চার মিনিটে ব্যবধান ২-০ করেন তিনিই। দুই গোলে পিছিয়ে পড়া মিয়ামি এরপর চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি। উল্টো ম্যাচের ৮৪ মিনিটে তোকলোমাতি হ্যাটট্রিক পূর্ণ করেন। হার নিয়ে ফেরে মেসিবাহিনী।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শার্লটের অবস্থান তিনে। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। ৪৬ পয়েন্ট নিয়ে আটে আছে মিয়ামি। যদিও মেসিরা ম্যাচ খেলেছেন ২৬টি।








