ফুটবল

যেকারণে মেসির বিদায়ের পরও স্কালোনিকে চান এনজো

যেকারণে মেসির বিদায়ের পরও স্কালোনিকে চান এনজো

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল প্রবেশ করতে যাচ্ছে নতুন এক অধ্যায়ে। সেই পরিবর্তনের সময়ে কোচ লিওনেল স্কালোনির মতো একজনকে দায়িত্বে রাখাটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ।

ঘরের মাঠে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের কোচিং স্টাফের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনির প্রতি নিজের সমর্থনের কথা জানান এনজো।

বলেছেন, ‘স্কালোনি থাকাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তিনি এই পুরো দল ও কাঠামোটা গড়ে দিয়েছেন। আমাদের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হবে।’

স্কালোনির অধীনে গত কয়েক বছরে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছে আর্জেন্টিনা। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার পর ২০২২ বিশ্বকাপও জিতেছে আলবিসেলেস্তেরা। দলের এই সাফল্যের সঙ্গে স্কালোনির নাম তাই গভীরভাবে জড়িয়ে আছে। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চুক্তির মেয়াদ শেষ হলে কী করবেন, সেটি নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন তিনি।

চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ। তাকে ধরে রাখতে এরই মধ্যে আলোচনা শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংগঠনটির সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে স্কালোনির সম্প্রতি একটি বৈঠকও হয়েছে। তবে চুক্তি নবায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

মেসির বিদায়ের পর স্কালোনিকে হারানো আর্জেন্টিনার জন্য আরও বড় পরিবর্তন হয়ে উঠতে পারে। তাই দলের কাঠামো ও ধারাবাহিকতা ধরে রাখতে স্কালোনির থাকা প্রয়োজন বলেই মনে করছেন এনজো। বলেছেন, ‘এখন আমাদের এই বিষয়টি মেনে নিতে হবে যে লিও চলে যাচ্ছে। এরপরও আমাদের যে পথে চলছি, সেই পথেই এগিয়ে যেতে হবে।’

বিষয়:আর্জেন্টিনা এনজো মেসি স্কালোনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…