গ্যাস সরবরাহ চার দিন বন্ধ থাকবে, এটা গুজব: পেট্রোবাংলা

ছবি: সংগৃহীত
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ কম থাকতে পারে। তবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে জরুরি রক্ষণাবেক্ষণকাজ চলছে। এ কারণে সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সাময়িকভাবে গ্যাস সরবরাহ কমে আসতে পারে।
পেট্রোবাংলা জানায়, বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও আগামী চার দিন তা কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। এতে কোনো কোনো এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে কমে গিয়ে চাপ স্বল্পতা দেখা দিতে পারে।
এদিকে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে গুজব বলে উল্লেখ করেছে পেট্রোবাংলা। সংস্থাটি জানায়, একটি মহল এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।






