কোপা আমেরিকায় দুর্দান্ত সময় যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে দারুণ খেলেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সে প্রসঙ্গ টেনে দলে তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমে মার্টিনেজ সম্পর্কে ম্যাক অ্যালিস্টার বলেছেন, ‘মার্টিনেজ হিংস্র, তার সম্পর্কে বেশিকিছু বলার নেই। সে অনেকদিন যাবত নিজের পারফরম্যান্স দেখিয়ে আসছে। মাঠে এবং মাঠের বাইরে অন্যতম একজন সে। তার এ বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেটা আমাদের মানসিক প্রশান্তি দেয়।’
‘যখন কিক নিতে যাবেন এবং চিন্তা করবেন আপনাকে গোল করতে হবে, এটা বেশ কঠিন একটি বিষয়। মাঠে সবসময় স্নায়ুবিক উত্তেজনা থাকবে। কিন্তু এমন ম্যাচের আগে সে সবসময় বলে একটা বা দুইটা ঠেকিয়ে দেবে। এবং সেটাই আমাদের প্রশান্তির কারণ।’
কোয়ার্টার ফাইনালে ১-১এ ড্রয়ের পর টাইব্রেকারে প্রথম শট বাইরে মারেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। পরে মার্টিনেজ ঝলক দেখান, দুটি পেনাল্টি ঠেকিয়ে ত্রাতা বনে যান। সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।








