বাংলাদেশ

শিশু সুরক্ষায় জোরালো অঙ্গীকার বাংলাদেশের, ইউনিসেফের সহযোগিতার আশ্বাস

শিশু সুরক্ষায় জোরালো অঙ্গীকার বাংলাদেশের, ইউনিসেফের সহযোগিতার আশ্বাস

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত।

শিশুদের ওপর সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও এ ধরনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করেছে বাংলাদেশ সরকার। আর এসব অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউনিসেফ।

বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এসব অঙ্গীকার তুলে ধরেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষ থেকে এসব অঙ্গীকার তুলে ধরতে পেরে সরকার গর্বিত। শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, আইনি সংস্কার এগিয়ে নেওয়া এবং সহিংসতা প্রতিরোধ ও সহায়তামূলক সেবায় বিনিয়োগ বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এসব অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় করে কাজ করা হবে।

ইউনিসেফের কারিগরি সহায়তায় প্রণীত সরকারের এই অঙ্গীকারে সাতটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। ক্ষেত্রগুলো হলো নেতৃত্ব ও অর্থায়ন, আইন ও নীতিমালা, সহিংসতা প্রতিরোধ, শিশুবান্ধব সেবা, মানবিক সংকট ও ডিজিটাল পরিসরে শিশু সুরক্ষা, জবাবদিহি এবং শিশুদের অংশগ্রহণ।

এআই দিয়ে সম্পাদিত ছবি।
এআই দিয়ে সম্পাদিত ছবি।

 

আজ শুক্রবার (২০ নভেম্বর) ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  এসব অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে তারা কারিগরি সহায়তা দেবে। এর মধ্যে রয়েছে নীতি ও আইন সংস্কার, শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার, সমাজসেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারমূলক সেবার মান উন্নয়ন এবং শিশুবান্ধব বাজেট প্রণয়নে সহযোগিতা।

বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি এমানুয়েল আব্রিউ বলেন, বিশ্বজুড়ে সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছাতে বিশ্বের কঠিনতম জায়গাগুলোতে কাজ করে ইউনিসেফ। ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রতিটি শিশুর জন্য আরও সুন্দর পৃথিবী গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

এমানুয়েল আব্রিউ  বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের এই অঙ্গীকার শিশুদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। প্রতিটি শিশু যাতে নিরাপদ পরিবেশে সহিংসতামুক্তভাবে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে সরকার ও অংশীজনদের সঙ্গে কাজ চালিয়ে যাবে ইউনিসেফ।

সরকারের এই অঙ্গীকার শিশুদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধে জাতীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের রূপরেখা তুলে ধরেছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের বৈশ্বিক লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:ইউনিসেফ এমানুয়েল আব্রিউ শিশু শিশুদের প্রতি সহিংসতা সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…