প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার নামে ফাউন্ডেশন করার ঘোষণা দিয়েছেন সন্তানেরা। ‘এম-১০’ নামের ফাউন্ডেশনে একটি স্মৃতিস্তম্ভ থাকবে। যেটি হবে রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রাণকেন্দ্রে এবং ২০২৫ সালে উদ্বোধন করা হবে। বছরে এক মিলিয়ন দর্শক সেটি ভ্রমণ করতে পারবে বলে জানানো হয়েছে।
ম্যারাডোনার মেয়ে ডালমা ম্যারাডোনা বলেছেন, ‘আমরা চাই আমাদের বাবা মানুষের ভালোবাসায় থাকুক এবং যারা তাকে ফুলের শুভেচ্ছা জানাতে চায় তাদের সকলের ইচ্ছে পূরণ হোক।’
আর্জেন্টাইনদের জন্য এক হাজার বর্গমিটারের মধ্যে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয়া হবে। যদি তারা ম্যারাডোনা ফাউন্ডেশনে অনুদান দেয় তাহলে স্মৃতি ধরে রাখতে সৌধের ঐতিহ্যের দেয়ালে তাদের ছবিও ঝুলিয়ে দিতে পারবে।
ডালমা এবং পরিবারের আরও চার সদস্য সম্মত হয়েছেন যে, ‘ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানাতে এবং উত্তরাধিকার ধরে রাখতে’ এ কাজটি করবেন। ২০২০ সালের নভেম্বরে ১৯৮৬ বিশ্বজয়ী অধিনায়ক ৬০ বছর বয়সে মারা যান। আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন ম্যারাডোনা।







