সময় যত গড়াচ্ছে, তত বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা-উত্তেজনা ও আগ্রহ। কে জিতবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা? কৌতূহলী প্রশ্নের উত্তর খুঁজতে বিশেষজ্ঞরা নিরন্তর করে চলেছেন চুলচেরা বিশ্লেষণ। সুপারকম্পিউটারও দিয়ে চলেছে ভবিষ্যদ্বাণী।
শিরোপার দৌড়ে জমজমাট ত্রিমুখী লড়াইয়ে ছুটছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। এ তিন দলকে নিয়ে সুপারকম্পিউটার বিশ্লেষণধর্মী মত জানাচ্ছে।
ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছে লিভারপুল। তাতে আগের অবস্থান থেকে সরে এসেছে সুপারকম্পিউটারও।
গত সপ্তাহে জানানো হয়েছিল, লিভারপুলের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শতকরা ৪৫ শতাংশ। রেড ডেভিলদের সঙ্গে ড্রয়ের পর টেবিলের দুইয়ে থাকা অলরেডদের সেটি ৩১.৩ শতাংশে নেমে গেছে।
রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের আশায় থাকা টেবিলের দ্বিতীয় স্থানের ম্যানসিটির সম্ভাবনা ৩৩.৬ শতাংশ থেকে বেড়ে ৩৯.৭ শতাংশে দাঁড়িয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের আগের সপ্তাহে লিগ জয়ের ২১ শতাংশ সম্ভাবনা ছিল। সেটি বেড়ে গিয়ে হয়েছে ২৯ শতাংশ।
৩১ ম্যাচে লিভারপুলের সমান ৭১ পয়েন্ট পেয়েও গোলপার্থক্যে এগিয়ে থাকায় সবার উপরে রয়েছে আর্সেনাল। ৭০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।
লিভালপুল কোচ ইয়ূর্গেন ক্লপ চলতি আসর নাটকীয় মোড় নিতে পারে বলে আশা রাখছেন। তার ভাষ্য, ‘জানতাম শেষপর্যন্ত অতি নাটকীয়তার দিকে যাবে। আমরা টেবিলের শীর্ষে ছিলাম, এখন আর্সেনাল আছে। আমরা শেষ ম্যাচের পর শীর্ষে থাকতে চাই।’







