মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গত বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি অঙ্গীকার প্রকাশ করেন।
শুভেচ্ছা বার্তায় মুইজ্জু বলেন, দুই দেশের পারস্পরিক বোঝাপড়া, আঞ্চলিক স্থিতিশীলতা ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে মালদ্বীপ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার কথা উল্লেখ করেন। বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন মূল্যবোধ ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় বিবৃতিতে জানায়, সম্প্রসারিত সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
এর আগে, মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
ওইদিন মালদ্বীপে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।









