রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগেই তিনি নৌকা প্রতীক নিয়ে চাঁপাই নবাবগঞ্জের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন নিয়েছিলেন। এবার মাহি গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
শনিবার (২০ মে) বাংলা সিনেমার এই অগ্নিকন্যা গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আশপাশের ভোটারদের কাছে নৌকার প্রার্থী অ্যাড. আজমত উল্লার জন্য ভোট চান ও লিফলেট বিতরণ করেন। এ সময় মাহির স্বামী রকিব সরকার তার সঙ্গে ছিলেন।

নির্বাচনী প্রচারের সময় মাহি বলেন, আমাদের দেশে যে উন্নয়ন আর গাজীপুরের যে উন্নয়ন তা কিন্তু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিজের করা।
”প্রধানমন্ত্রী গাজীপুরকে অনেক বেশি প্রাধান্য দিয়ে বিভিন্ন রাস্তা করে নানা উন্নয়ন করেছেন। এই উন্নয়নটা অব্যাহত রাখতে অ্যাড. আজমত খানকে নির্বাচনে বিজয়ী করতে হবে। আশা করছি তিনি অনেক ভোটের ব্যবধানে জিতবেন।”

মাহিয়া মাহি বলেন, সাধারণ জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন। তিনি আজমত উল্লাকে নৌকা প্রতীক দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য। তার দেওয়া সিদ্ধান্ত গাজীপুরবাসী মেনে নিয়েছেন। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাই আজমত উল্লা খানকে ভোট দেবেন।








