শেরপুরে কলার ভেলা নিয়ে বন্যার পানিতে ঘোরার সময় ভেলা উল্টে পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া রিফাত আলম (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শেরপুরে নকলা উপজেলা উরফা ইউনিয়নের হাসখিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার ৬ জুলাই রাত ৯টার দিকে ডুবে যাওয়ার প্রায় ১০ ঘন্টার পর ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহত রিফাত আলম ওই গ্রামের আবুল কালামের ছেলে এবং স্থানীয় তারাকান্দা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলো।
উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরের দিকে রিফাত বন্যার পানিতে কলাগাছের ভেলা নিয়ে খেলতে যায়। অনেক সময় হলেও সে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় তাকে খোঁজাখুঁজির পাশাপাশি এলাকাবসীকে তার নিখোঁজ হওয়ার বিষয় জানায়। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা বন্যায় ডুবন্ত মাঠের পানির নিচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউপি চেয়ারম্যান বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে বর্তমানে এলাকার প্রতিটি নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা পানিতে ভরে গেছে। এমনকি নিচু এলাকার প্রতিটি বাড়ির আশেপাশের জমিতেও পানি জমা হয়েছে। জমানো পানিতে ডুবে যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। তাই বর্ষাকালে পানিতে পড়ে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে প্রতিটি শিশুর পরিবারের লোকজনকে অধিক সচেতন থাকতে হবে। বিশেষকরে শিশু ও বয়স্কদের প্রতি এসময় বাড়তি খেয়াল রাখতে হবে। সচেতনতার মধ্য দিয়েই পানিতে ডুবে মৃত্যুর হার কমানো সম্ভব হবে। এজন্য তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।







