শেরপুর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের যুবক নিহত

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার  (৬অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল ইসলাম শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মালয়েশিয়ায় সাইফুল ইসলাম ‘যাওয়াতান কোসং রিসডা প্লেন্টেশন’ নামে একটি পাম বাগানে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার সকালে (মালয়েশিয়ার স্থানীয় সময় ভোর ৩টা) প্রবাসী সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ওই দেশের কেডা ডিস্ট্রিক্ট এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।

রৌহা ইউনিয়নের ফটিয়ামারী এলাকার ইউপি মেম্বার ইউসুফ মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, দুর্ঘটনার সময় সাইফুল ইসলামের মোটরসাইকেলে থাকা ফল কাঁটার ধারালো সরঞ্জামের আঘাতে তার গলায় মারাত্মক জখম হয়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

সাইফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে আহাজারি। নিহতের স্বজনরা তাঁর মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে প্রবাসীর মরদেহ দেশে আনার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয়:প্রবাসী মালয়েশিয়া মোটরসাইকেল দুর্ঘটনা শেরপুর সড়ক দুর্ঘটনায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…