শিক্ষা

আলিম পরীক্ষায় সর্বাধিক জিপিএ-৫ পেয়ে এবারও মাদ্রাসা বোর্ডের শীর্ষে

সাফল্যের ধারা ধরে রাখল দারুননাজাত মাদরাসা

আলিম পরীক্ষায় সর্বাধিক জিপিএ-৫ পেয়ে এবারও মাদ্রাসা বোর্ডের শীর্ষে

ছবি: সংগৃহীত

আলিম পরীক্ষা-২০২৬-এ ৫৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে রাজধানীর ডেমরায় অবস্থিত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির দাবি, এবারও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় সর্বাধিক জিপিএ-৫ অর্জন করেছে তারা।

শনিবার (৩১ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১ হাজার ৩০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৯২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ।

ঢাকা জেলার ডেমরা থানায় অবস্থিত ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। দলীয় রাজনীতিমুক্ত ইলমি-আমলি পরিবেশ, সুন্নতে নববীর অনুসরণ এবং আউলিয়ায়ে কেরামের আদর্শ ধারণ করে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে। এ ছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে একাধিকবার প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ফলাফলের বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের মুহাম্মদ আবুবকর সিদ্দীক বলেন, দ্বীনি পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান, শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা এবং এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতা এ সাফল্যের মূল ভিত্তি। সর্বোপরি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এ অর্জন সম্ভব হয়েছে।

মাদরাসার উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

বিষয়:আলিম পরীক্ষা-২০২৬ জিপিএ ৫ দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা মাদরাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…