সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি

ছবি: সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, দেন অটোগ্রাফ এবং উপহার হিসেবে তুলে দেন ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী। আকস্মিকভাবে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার ২০ অক্টোবর সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে থামেন প্রধানমন্ত্রী।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রতিষ্ঠানের ফটকের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আবদারে সেলফি তোলেন ও অটোগ্রাফ দেন। পাশাপাশি কলেজের বিভিন্ন বিষয়েও খোঁজখবর নেন তিনি।
এ সময় অধ্যক্ষ প্রধানমন্ত্রীর কাছে বালক ও বালিকাদের জন্য পৃথক হোস্টেল, একটি বহুতল ভবন এবং অডিটরিয়াম নির্মাণের দাবি জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সৈয়দপুর বিজ্ঞান কলেজ সম্পর্কে তিনি অবগত আছেন। দাবিগুলো লিখিতভাবে জমা দিলে তা বিবেচনা করা হবে।
পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান।





