লর্ডসে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। শঙ্কা ছিল বড় ধরনের চোটের, সেটাই ঘটল ৩৫ বর্ষী স্পিন তারকার সাথে। অ্যাশেজ থেকে ছিটকে গেলেন টানা ১০০ টেস্ট খেলার রেকর্ড গড়া ফর্মে থাকা অজি অফস্পিনার।
হেডিংলির তৃতীয় টেস্টে লায়নের বদলি হিসেবে দলে আসতে পারে ২২ বর্ষী অফস্পিনার টড মারফি। সঙ্গে ডানহাতি ব্যাটার ম্যাট রেনশকে স্কোয়াড থেকে বাদ দিলেও স্ট্যান্ডবাই হিসেবে সিরিজে ইংল্যান্ডেই থাকছেন তিনি।
লায়ন রোববার অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের সাথে সাক্ষাৎ করেন এবং ডাক্তাররা নিশ্চিত করেন যে তার অ্যাশেজ সিরিজ শেষ হয়ে গেছে। এর মাধ্যমে টানা ১০০ টেস্ট খেলার পর রেকর্ডে ছেদ পড়ল।
লর্ডসে নামার পর প্রথম বিশেষজ্ঞ বোলার এবং তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে টানা ১০০ টেস্ট খেলার কৃতিত্ব গড়েছিলেন লায়ন। টেস্টের ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটি গড়েন। যেটি তার ক্যারিয়ারের ১২২তম ম্যাচ। সাদা পোশাকে ৫০০ উইকেট থেকে ৪ শিকার দূরে আছেন লায়ন।
অভিজ্ঞ লায়নের বিকল্প মারফি খেলেছেন মাত্র চারটি টেস্ট। ভারতের নাগপুরে অভিষেকেই নিয়েছিলেন সাত উইকেট।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪১৬ রানের জবাবে ব্যাট করছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট ও অলি পোপ। ৩৭তম ওভারের তৃতীয় বলে ডাকেটকে করা ক্যামেরন গ্রিনের বলে বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে গিয়ে বাধে বিপত্তি। ডান কাফ মাসলে চোট পান লায়ন, দ্রুত ফিজিও এসে চিকিৎসা শুরু করেন এবং তাকে মাঠের রাইরে চলে যেতে হয়। ইনিংসের বাকি ওভাগুলোতে আর নামতে পারেননি অভিজ্ঞ স্পিনার।
দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডকে ৪৩ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া।








