আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এবং অধিনায়ক হুগো লরিস। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হারার তিন সপ্তাহ পর ৩৬ বর্ষী লরিস বিদায় বলে দিলেন।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বজয়ী সেই দলের আর্মব্যান্ড লরিসের হাতেই ছিল। কাতারেও তার দল উঠেছিল ফাইনালে। এবার রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
ফ্রেঞ্চ গণমাধ্যম লে’কিপেকে লরিস বলেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার থামানোর সিদ্ধান্ত নিয়েছি। যা দেয়ার ছিল সব দিয়েছি, এমনই উপলব্ধি করছি। অবসরের ঘোষণা এখন দেয়াটা গুরুত্বপূর্ণ মনে করি। আড়াই মাস আগে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরুর সময় অবসরের চিন্তাটা শুরু করেছিলাম।’
‘বিশ্বকাপ শেষের পর বিষয়টা নিয়ে সত্যিকার অর্থেই ভাবছিলাম। ছয় মাস ধরে আমার মনের ভেতর কিছু একটা চলছিল। প্রতিযোগিতাগুলোর সময়ের পরিমাণ বেড়েছে, যা আমাকে সিদ্ধান্তটা নিতে বাধ্য করেছে।’
‘একটা সময় আসে যখন সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলতে হয়। সবসময় বলেছি, ফ্রান্স জাতীয় দল কোনো একজন ব্যক্তির জন্য নয়। একজন গোলরক্ষক (এসি মিলানের মাইক ম্যাগনান) প্রস্তুত আছেন।’
‘আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমার সন্তানদের আরও কিছুটা সময় দেয়া প্রয়োজন। সাড়ে ১৪ মৌসুম ধরে ফ্রান্সের গোলরক্ষক থাকা অনেক বড় বিষয়। এটা মানসিকভাবেও ক্লান্তিকর এবং আশা করি নিজের জন্য কিছু সময় বের করাটা আরও কয়েক বছর সর্বোচ্চ স্তরে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে।’
উরুগুয়ের বিপক্ষে ২০০৮ সালের নভেম্বরে লরিসের আন্তর্জাতিক অভিষেক। ফ্রান্স জার্সিতে সর্বাধিক ১৪৫ ম্যাচ খেলার রেকর্ড তার ঝুলিতে। ১২১ ম্যাচে ছিলেন অধিনায়ক। যেটি ফরাসিদের রেকর্ড।







