স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ডিয়েগা জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। ২৮ বর্ষী পর্তুগিজ মিডফিল্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে লিভারপুল। শুধু সেখানেই থেমে থাকেনি ক্লাবটি। জোতার ‘২০ নম্বর’ জার্সিটিকে অবসরে পাঠিয়েছে তারা। লিভারপুলে জোতার চলমান চুক্তির মেয়াদ পর্যন্ত সকল অর্থ ও বোনাস তার পরিবারকে দেবে ক্লাবটি। পাশাপাশি জোতার তিন সন্তানের লেখাপড়ার খরচ বহন করবে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।
লিভারপুলের ২০ নম্বর জার্সি পরে লিভারপুলের ২০তম প্রিমিয়ার লিগ জয়ে বিশেষ ভূমিকা রাখেন জোতা। এই জার্সি পরেই জোতা লিভারপুলে পাঁচ মৌসুম খেলেছিলেন এবং তিনটি শিরোপা জেতেন। তাই মৃত্যুর পরপরই তার জার্সিটিকে অবসরে পাঠানোর ঘোষণা দেয় লিভারপুল।
লিভারপুলের সঙ্গে জোতার চলমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। ক্লাবটি জানিয়েছে, মেয়াদ অনুযায়ী চুক্তির বাকি দুই বছরের বেতন ও বোনাস জোতার পরিবারকে এককালীন প্রদান করবে। পাশাপাশি জোতার তিন সন্তানের লেখাপড়ার খরচ বহন করার কথাও জানিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি।
বৃহস্পতিবার ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে দুর্ঘটনা ঘটে। তাদের গাড়িতে আগুন ধরে যায়। মারা যান দুজনেই।
জোতার মৃত্যুর সংবাদ পাওয়ার পরে থেকে, অ্যানফিল্ডে লিভারপুল স্টেডিয়ামের কাছে স্মৃতিসৌধে ভক্তরা একত্রিত হয়ে ফুল, স্কার্ফ, জার্সি এবং ছবি দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। লিভারপুলের সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসনও শনিবার জোতাকে সম্মান জানান এবং সেই সময় তিনি আবেগ ধরে রাখতে পারেননি।
পর্তুগিজ তারকা লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর স্পেনে ছুটি কাটাচ্ছিলেন। গত মৌসুমে ২৬ ম্যাচে ৬ গোলের পাশাপাশি করেছেন ৪ অ্যাসিস্ট।
২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দেন জোতা। ক্লাবটির সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি রয়েছে এ পর্তুগিজের। ইংলিশ জায়ান্টদের হয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন। উলভস ও লিভারপুলের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদ ও এফসি পোর্তোতে খেলেছিলেন জোতা।
পর্তুগাল জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে আক্রমণভাগ মাতিয়েছেন ৪৯ ম্যাচে। গোল করেছেন ১৪টি, অ্যাসিস্ট ১২টি।







