সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে নতুন দায়িত্বে লিটন দাসের পথ চলা শুরু হবে। তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর থেকে একটি দায়িত্ব কমিয়ে দেয়া হয়েছে। ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের টি-টুয়েন্টির নতুন অধিনায়ক লিটন। এ জন্য শান্ত অভিনন্দন জানিয়েছেন লিটনকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অভিনন্দন বার্তায় অধিনায়ক শান্ত বলেছেন, ‘অভিনন্দন লিটন ভাই…। আপনার নেতৃত্বে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দল অনন্য উচ্চতায় পৌঁছাবে এ আশা করি।’
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সিরিজ দুটি সামনে রেখে রোববার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করেন।
তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাজমুল হোসেন শান্ত। গত বিপিএলে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথা বলেছিলেন তিনি। যদিও ওয়ানডে ও টেস্টে তিনি এখনও নেতৃত্ব দিচ্ছেন।








