ব্যাট হাতে ছন্দে নেই লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন সংস্করণে ছয় ইনিংসে ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল একবার। তার মধ্যে রানের খাতা খোলার আগেই ফিরেছেন দুবার। লিটনের এমন ফর্মহীনতা ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে।
সোমবার বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানিয়েছেন গাজী আশরাফ। তার মতে প্রত্যাশা পূরণ করতে পারছেন না লিটন।
‘লিটনের কাছে দল যা প্রত্যাশা করে, তিনি যে মানের ব্যাটার সাদা বলের ক্রিকেটে তিনি ততটা ধারাবাহিক নন। তাই টুর্নামেন্ট (গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে) নির্ধারণী ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম। এই মুহূর্তে তিনি টি-টুয়েন্টি দলের অধিনায়ক। একটা সিরিজ চলছে। আমার মনে হয়, এখন এটা নিয়ে বিস্তারিত কথা বলার আদর্শ সময় নয়।’
‘তবে এতটুকু বলতে পারি, তিনি যেভাবে আউট হচ্ছেন আমরা তা নিয়ে চিন্তিত। ভবিষ্যতে যদি কিছু মেরামতের প্রয়োজন হয়, কোচরা আছেন। যদি সাময়িক বিরতি প্রয়োজন হয়, সেজন্যও কোচরা আছেন। অথবা তিনি যদি সামনের দুটো ম্যাচে ফেরত আসতে পারেন, তাহলে স্বাগতম।’
ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকার পরেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠেছে গাজী আশরাফের নিকটে। তবে অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে তার এখতিয়ার নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। বলেছেন সেটা পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত।
‘আমাদের যে দায় দায়িত্ব আছে, জাতীয় দল নির্বাচন করাটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে। অধিনায়ক বিবেচনার বিষয়টি সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। সেটা স্বল্পকালীন কিংবা দীর্ঘকালীন হবে আমার মনে হয় বিসিবি সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে নির্ধারণ করে। এবং এবারও তাই করা হয়েছে।’
‘আমি মনে করি, হয়তো স্বল্পমেয়াদি বিবেচনা করে বোর্ড একটা সমাধান করার চেষ্টা করেছে। কারণ বোর্ডের হাতেও যে অনেক বিকল্প ছিল, বোর্ড সেই অবস্থায় ছিল না। অনেক ক্রিকেটারই চোটে ছিল।’
‘তবে ইতিবাচক বিষয় আমি যেটা দেখি, ছন্দহীন একজন ব্যাটার যখন নতুন দায়িত্ব পাওয়ার পরও সেটা ধারাবাহিক রেখেছেন, তখন তার দল তাকে যে সমর্থন দিয়েছে বিজয়ী দলের অধিনায়ক করে, এটা হয়তো তাকে অনুপ্রাণিত করবে। আমি মনে করি, অধিনায়কের জন্য কাজ করেছে দল।’








