পুনেতে বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার ২৪ ঘণ্টার মাথায় দুঃখপ্রকাশ করেছেন লিটন দাস। ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারকা ব্যাটার লিখেছেন, তিনি বুঝতে পারেননি হোটেলের লবিতে এতো সাংবাদিক ছিল।
সোমবার দুঃখপ্রকাশ করে লিটন লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’
ঘটনা রোববার দুপুরের। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন, সেটি জানতে পেরে অনেক সংবাদকর্মী ছুটে আসেন টিম হোটেলে। সেখানে প্রধান নির্বাচক না থাকায় অপেক্ষা করতে থাকেন বিশ্বকাপ কাভার করতে আসা সংবাদকর্মীদের অনেকেই।
সেসময় টাইগার দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে দেখা হয় সংবাদকর্মীদের। তাদের সঙ্গে মজা করেন, কুশল বিনিময় করেন সংবাদকর্মীদের অনেকেই। কিছুক্ষণ পর লিটন হোটেলের লবিতে নেমে উপস্থিত সংবাদকর্মীদের দেখে মেজাজ হারিয়ে বসেন।
চলতি বছর পাঁচবার শূন্যরানে আউট হওয়া লিটন সংবাদকর্মীদের দেখে ছুটে যান হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে। সেসময় তাকে বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’
এরপর হোটেল নিরাপত্তারক্ষীরা এসে সাংবাদিকদের চলে যেতে বলেন। তাদের একজন জানান, আপনাদের একজন ক্রিকেটার অভিযোগ করাতেই আমাদের এমন করতে হয়েছে।







