সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার ওপর জোর দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বিশ্বের যেকোন স্থানে সাংবাদিকদের নিরাপত্তা ও মঙ্গল যেকোন দেশের জন্য, বিশেষ করে একটি ক্রান্তিকাল অতিক্রম করা দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে জাতিসংঘ।
বুধবার (২১ আগস্ট) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডুজারিক।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে দেওয়াসহ যারা তাদের বিরুদ্ধে সহিংসতা করে, তাদের জবাবদিহি করাটা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে তাদের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদপত্রগুলোর কার্যালয়ে গত সোমবার বিকেলে হামলা ও ভাঙচুরের বিষয়ে সাংবাদিক তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।







