বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী। অন্যতম সেরা ডিফেন্ডার তারিক কাজী এসেছেন ফিনল্যান্ড থেকে। এবার লাল-সবুজের জার্সিতে খেলতে আসছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হামজা চৌধুরী। হামজার বাংলাদেশ দলে খেলা, দেশের ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎসহ নানাদিক নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল শুক্রবার কথা বলেছেন গণমাধ্যমে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল খুশি হামজাকে জাতীয় দলে পেয়ে। বলেছেন, ‘হামজা অবশ্যই ব্র্যান্ড। তবে আমরা এটা নিয়ে আপাতত ভাবছি না। আমরা জাতীয় দলকে জিততে দেখতে চাই। দলকে জেতার মানসিকতায় নিয়ে যেতে চাই। ব্র্যান্ডটা সবাইকে নিয়েই তৈরি করতে পারব বলে আশা করি।’
হামজার অন্তর্ভুক্তিতে দলের শক্তি আরও বাড়াবে, বলছেন বাফুফে সভাপতি। বলেছেন, ‘দল অনেক শক্তিশালী হবে, এটা নিয়ে সন্দেহ নেই। হামজা যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার, তাই দলের রক্ষণটা অনেক গোছানো যাবে। পাশাপাশি অবশ্য আক্রমণভাগও ভালো হতে হবে। প্রবাসে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে ভালো করছেন। বিশ্বাস করি, হামজা তাদের অনুপ্রেরণা হবেন।’
‘বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানা তথ্য দিতে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অনেক মেধা আছে। দেশের বাইরে, ইতালিয়ান, জার্মানি কিংবা সাউথ আমেরিকান যারাই আছেন– বিশ্বাস করি হামজা তাদের অনুপ্রেরণা জোগাবেন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য।’
বৃহস্পতিবার বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। লেস্টার সিটির হয়ে খেলা ২৭ বর্ষী মিডফিল্ডারের জাতীয় দলে যোগ দেয়া নিয়েও বেশ উচ্ছ্বসিত।








