আন্তর্জাতিক

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার (৮ নভেম্বর) দেশটির গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসওয়ান শহরের দিকে যাওয়া আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। সংঘর্ষের তীব্রতায় একটি বগি দুমড়েমুচড়ে যায়।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১১২ জনকে গিজা এলাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ও মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। এছাড়া অনেকে মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন। চিকিৎসা শেষে ৪৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও সাতজনকে শিগগিরই ছাড়পত্র দেওয়া হতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, উদ্ধারকর্মী ও রেলওয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উল্টে যাওয়া বগিগুলোর ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ক্রেন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ৩১ বছর বয়সী আবদেল ওয়াহেদ মোহাম্মদ জানান, দুর্ঘটনার সময় তিনি কাছের একটি ক্যাফেতে বসে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, আসওয়ানগামী ট্রেনটি আগে থেকেই দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা ফাইয়ুমগামী ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়। দুপুর আনুমানিক দেড়টার দিকে সংঘর্ষের পর ছয়টি বগি উল্টে যায়। ২৫ বছর বয়সী আরেক প্রত্যক্ষদর্শী আহমেদ মুসা বলেন, উল্টে যাওয়া একটি বগির নিচের অংশ খুঁড়ে উদ্ধারকর্মীরা ভেতরে প্রবেশের চেষ্টা করেন। বগির ভেতরে যাত্রীরা একে অপরের ওপর পড়ে ছিলেন। নিহতদের মধ্যে দুজন নারীকে দেখেছেন বলেও জানান তিনি।

৪৩ বছর বয়সী তাহা আবদেল তাওয়াব বলেন, দুর্ঘটনার পর এক তরুণকে ট্রেন থেকে বেরিয়ে আসতে দেখেন তিনি। ওই তরুণের কোলে ছিল তার মৃত বাবার মরদেহ। সাংবাদিকেরা ঘটনাস্থলে রেললাইনের ওপর এবং পাশের কৃষিজমিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা একাধিক বগি দেখতে পান। একটি বগি রেললাইনের পাশের উঁচু বাঁধের কাছে কাত হয়ে পড়ে ছিল। অন্য একটি বগি সংঘর্ষের আঘাতে দুমড়েমুচড়ে যায়। চারদিকে ভাঙা আসন, বাঁকানো লোহার অংশ ও যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার কথা জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন। উদ্ধার অভিযান চলাকালে ঘটনাস্থলে পর্যাপ্ত যাতায়াতব্যবস্থা না থাকায় কাজ কিছুটা ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলে। এসময় বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা সেখানে জড়ো হন।

বিষয়:ট্রেন দুর্ঘটনা মিসর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…