প্রবাস সংবাদ

জেদ্দায় ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’: বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

জেদ্দায় ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’: বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ (Hajj Conference & Exhibition)। রোববার (৮ নভেম্বর) মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক এই প্রদর্শনী ও সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারের প্রতিনিধি ছাড়াও ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি, বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সিজ এসোসিয়েশন অফ হাব এর প্রেসিডেন্ট গোলাম সারোয়ার, ও মহাসচি ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

হজ খাতের আধুনিকায়ন, স্মার্ট সমাধান ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

এদিকে সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সাথে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে। নিজ নিজ দেশের পক্ষে এই দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ওআইসির রেজুলেশন মোতাবেক মুসলিম দেশগুলোর জনসংখ্যার আনুপাতিক হারে বাংলাদেশের বর্তমান কোটা ৭২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে পূর্বের ন্যায় ১ লক্ষ ২৭ হাজার ১শ ৯৮ জন কোটা নির্ধারণের দাবি জানাবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তবে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় সূত্রে বলছে বিশ্বের সব দেশ থেকেই হজ যাত্রীর চাহিদা বেড়েছে কিন্তু মিনায় পর্যাপ্ত পরিমাণ তাবু ব্যবস্থাপনা না থাকায় বাংলাদেশের চাহিদা কতটুকু পূরণ করতে পারবে সৌদি সরকার? সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।

উল্লেখ, রাজনৈতিক অস্থিরতার কারণে বিগত কয়েক বছর বাংলাদেশ থেকে হজ যাত্রী সংখ্যা অনেক কমে যায়, বাংলাদেশের প্রাপ্ত কোটা পূরণ করতে না পারায় সৌদি সরকার বাংলাদেশের কোটা কমিয়ে তা অন্য দেশের চাহিদা মোতাবেক বন্টন করে দেয়।

কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকা এবং জনগণের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা আগের তুলনায় বেড়ে যাওয়া এবং ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা বিগত বছরগুলোর তুলনায় সুষ্ঠু ও স্বাচ্ছন্দ হওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়ে যাওয়ায় এবছর অতিরিক্ত প্রায় ২০ হাজার মত ধর্ম প্রাণ মুসলমান ২৭ সালের হজে অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করেন।

বাংলাদেশ হজযাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ার খবরের সাথে সাথে সিঙ্গাপুরের চিকিৎসাধীন থাকা অবস্থায় ধর্মমন্ত্রী মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সৌদি হজ ও ওমরা মন্ত্রী ড.তৌফিক বিন রাবিয়ার সাথে সরাসরি যোগাযোগ করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বরাবর ডিউ লেটার প্রদান করা হয়। এছাড়া দৃঢ় কূটনৈতিক তৎপরতার কারণে স্বল্প সময়ের মধ্যে ২০২৭ সালের হজে পাঁচ হাজার কোটা ইতোমধ্যে বৃদ্ধি করেছে সৌদি সরকার।

বিষয়:বাংলাদেশ হজযাত্রী সৌদি হজ হজ ও ওমরা হজযাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…