ভারতে বাড়ছে ‘ভাড়ায় নাতি-নাতনি’, প্রবীণদের নিঃসঙ্গতা দূর করার নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত
সন্তানরা থাকেন বিদেশে কিংবা অন্য শহরে। বয়সের ভারে নুয়ে পড়া বাবা-মায়ের পাশে সব সময় থাকার মতো আপনজনও পাওয়া যায় না। এমন বাস্তবতায় ভারতে জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক সেবা- ‘ভাড়ায় সন্তান’ বা ‘ভাড়ায় নাতি-নাতনি’। অর্থের বিনিময়ে তরুণ-তরুণীরা প্রবীণদের সঙ্গ দিচ্ছেন, গল্প করছেন, বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছেন, এমনকি দৈনন্দিন কাজেও সহযোগিতা করছেন।
রোববার (৮ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠ গুরগাঁওয়ের বাসিন্দা এস বুধিরাজার দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তাই বাজার করা, মন্দিরে যাওয়া কিংবা হাসপাতালে চিকিৎসকের কাছে যাওয়ার সময় তাঁ সঙ্গী ২৬ বছর বয়সী রনি রাজু। কয়েক মাসের পরিচয়ে রনি এখন বুধিরাজা দম্পতির কাছে পরিবারের সদস্যের মতো।
সামাজিক কাজে স্নাতকোত্তর ডিগ্রিধারী রনি একটি প্রতিষ্ঠানের হয়ে প্রবীণদের সঙ্গ দেওয়ার কাজ করেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে গল্প করা, তাস খেলা, বাইরে নিয়ে যাওয়া এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও ওষুধের খোঁজ রাখা।
ভারতে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। ইউএনএফপিএর ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশটির মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশ ছিলেন ৬০ বছর বা তার বেশি বয়সী। ২০৫০ সাল নাগাদ এ হার ২১ শতাংশে পৌঁছাতে পারে। প্রবীণ জনগোষ্ঠীর এই বৃদ্ধি নতুন সেবাশিল্পের সম্ভাবনাও তৈরি করেছে।
এই পরিস্থিতিকে সম্ভাবনাময় ব্যবসা হিসেবে দেখছে ভারতের বেশ কয়েকটি স্টার্টআপ। দেশটির সরকারের হিসাবে, প্রবীণদের সেবাসংশ্লিষ্ট এই শিল্পের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি ডলার।
গুরগাঁওয়ের একটি প্রতিষ্ঠান ঘণ্টাপ্রতি ৪৫০ রুপি এবং ২৫ ঘণ্টার প্যাকেজে ঘণ্টাপ্রতি ৪০০ রুপিতে সেবা দিচ্ছে। হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো শহরেও ছড়িয়ে পড়ছে এ উদ্যোগ।
তবে এই সেবার মূল লক্ষ্য শুধু দৈনন্দিন কাজে সহায়তা নয়, প্রবীণদের নিঃসঙ্গতা দূর করাও। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অনেকেই চিকিৎসার চেয়ে বেশি চান একজন মনোযোগী শ্রোতা ও সঙ্গী।
বিশেষজ্ঞদের মতে, এমন উদ্যোগকে পারিবারিক ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং পরিবার, সমাজ ও পেশাদার সেবার সমন্বয়েই প্রবীণদের নিরাপদ, সম্মানজনক ও আনন্দময় জীবন নিশ্চিত করা সম্ভব।





