বাংলা সংগীতে আইয়ুব বাচ্চু এমন এক নক্ষত্র, যার আলো কখনও ম্লান হওয়ার নয়। প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের রক ব্যান্ড সংগীতকে নেতৃত্ব দেওয়া এই কিংবদন্তি শিল্পী মাত্র ৫৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেও তার সৃষ্টি আজও অগণিত শ্রোতার হৃদয়ে অমলিন।
আইয়ুব বাচ্চুকে অনুসরণ করেই সংগীতে পথচলা শুরু করেছেন এই প্রজন্মের অনেক শিল্পী। তাদেরই একজন তরুণ শিল্পী রাজেশ মজুমদার। প্রায় একদশক ধরে ‘লিডিয়ান’ ব্যান্ডের মাধ্যমে আইয়ুব বাচ্চুর সেই রকধারার ভাবধারা নিজেদের সৃষ্টিতে ধারণ করে চলেছেন তিনি।
এবার কিংবদন্তি এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে ‘লিডিয়ান’ সৃষ্টি করেছে মৌলিক গান ‘ঐ সম্মোহনের সুর’। আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা গানটির কথা লিখেছেন লিডিয়ান ব্যান্ডের গীতিকার সঞ্জয় রায়। গানটির সুর, কম্পোজিশন ও কণ্ঠ দিয়েছেন রাজেশ মজুমদার নিজেই।
লিডিয়ান ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট রাজেশ মজুমদারের সঙ্গে রয়েছেন সহকারী লিড গিটারিস্ট রিন্টু, কিবোর্ডে পুলক, বেইজ গিটারে রিভান এবং ড্রামসে তাপস মজুমদার।
গানটি প্রসঙ্গে রাজেশ মজুমদার বলেন, “বাচ্চু ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের একান্ত আর্তি থেকেই এ গানটি আমরা তার জন্মদিন উপলক্ষে উৎসর্গ করছি। তার অসংখ্য জনপ্রিয় কিছু গানের শিরোনাম ও কথামালা নিয়ে গানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে।”
তিনি আরও বলেন, “মৃত্যুর কিছুদিন আগেও বাচ্চু ভাই তার মিউজিক স্কুল গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছিলেন আমাকে। তার সেই রেখে যাওয়া স্বপ্ন আমাদের সম্মিলিতভাবে পূরণ করতে হবে।”
রাজেশ জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট লিডিয়ান ব্যান্ডের অফিসিয়াল পেজে গানটি প্রকাশ হচ্ছে। আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই গান প্রসঙ্গে রাজেশের ভাষ্য, “সৃষ্টির সঙ্গে থাকুন, সুন্দরের সঙ্গে থাকুন। শ্রোতাদের অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম।”
আইয়ুব বাচ্চুর সৃষ্টি ও সংগীত-দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি কিংবদন্তির অসমাপ্ত স্বপ্নকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও থাকছে ‘ঐ সম্মোহনের সুর’-এ।








