অপরাধ

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দেলোয়ার হোসেনের সঙ্গে তার ছোট ভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নবিরুল কচুর ক্ষেতে কাজ করছিলেন। এ সময় দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে নবিরুলের হাতে থাকা হাঁসুয়া দিয়ে দেলোয়ারকে কোপ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা নবিরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:জমি নিয়ে বিরোধ জয়পুরহাট দেলোয়ার হোসেন পাঁচবিবি থানা বড় ভাই নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…