এ বছর ভারত থেকে অস্কারের জন্য পাঠানো হচ্ছে অভিনেতা কিরণ রাও পরিচালিত বহুল আলোচিত ছবি ‘লাপাতা লেডিস’। ২৯টি সেরা বাছাই ছবির মধ্যে থেকে আমির খানের সাবেক এই পত্নীর ছবিটিকে বেছে নিয়েছে ভারতীয় ফিল্ম ফেডারেশন।
২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি নিতে বেশকিছু ছবি ছিলো তালিকায়। এরমধ্যে বলিউড হিট ‘অ্যানিম্যাল’, মালয়ালাম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আট্টাম’ এবং কান বিজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছিলো।
তবে শেষ পর্যন্ত অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান ও কিরণ রাও প্রযোজিত ‘লাপাতা লেডিজ’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে।
তামিল চলচ্চিত্র মহারাজা, তেলুগু শিরোনাম কল্কি ২৮৯৮ এডি এবং হনু-মান, পাশাপাশি হিন্দি চলচ্চিত্র স্বতন্ত্র বীর সাভারকর এবং আর্টিকেল ৩৭০-ও এই তালিকায় ছিল। গত বছর পাঠানো হয়েছিল মালায়ালাম সুপারহিট ২০১৮: এভরিবডি ইজ আ হিরো।
প্রেক্ষাগৃহের পর নেটফ্লিক্সেও সাড়া ফেলে ‘লাপাতা লেডিস’। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষাণও।








