‘লাপাতা লেডিস’ দিয়ে প্রায় এক যুগ পর সিনেমা পরিচালনায় ফিরেছেন কিরণ রাও। আর ফিরেই রীতিমত বাজিমাত করলেন তিনি। মুক্তির পর ছবিটি বক্স অফিসে যত না সাড়া ফেলেছিল, তার থেকে বহুগুণে সফল ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে।
এবার নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ের সেরা ১০ এর তালিকায় স্থান দখল করে নিল স্বল্প বাজেটের এই ছবি। শুধু তাই নয়, বিগ বাজেটের তারকা বহুল বেশ কিছু ছবিকেও টেক্কা দিচ্ছে এই ‘লাপাতা লেডিস’।
জানা গেছে, নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া ‘লাপাতা লেডিস’ ছবিটি মাত্র ২ সপ্তাহেই ২.২ মিলিয়ন ভিউ অর্জন করেছে। যার প্রেক্ষিতে এটি ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী সেরা ৫ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। এছাড়াও ওটিটিতে সেরা হিন্দি সিনেমার তালিকায় এর অবস্থান সেরা ৭ এ। যা ‘সালার’ এর মত ছবিকেও টেক্কা দিচ্ছে।
‘লাপাতা লেডিস’ এ নেই শহুরে জাঁকজমক কিংবা নেই চড়া মেকআপের আস্তরণে ঢেকে থাকা নায়িকারা। দু-একজন ছাড়া সবাই অচেনা, নতুন। হ্যাঁ, তাঁদের নিয়েই কাজ করেছেন কিরণ রাও। হয়েছেন সফলও।
ট্রেনের মধ্যে পরিবার থেকে দুই কনের আলাদা হয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। প্রথমেই ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও। একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। তারপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কনে। এভাবেই এগিয়েছে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত দ্বিতীয় ছবি ‘লাপাতা লেডিস’-এর গল্প।
ছবিটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষাণও।
চলতি বছর প্রথম সপ্তাহে নেটফ্লিক্সে বেশী দেখা ১০ ছবির তালিকা
১. অ্যানিমেল: ৬.২ মিলিয়ন
২. ফাইটার: ৫.৯ মিলিয়ন
৩. ডানকি: ৪.৯ মিলিয়ন
৪. মার্ডার মুবারক: ৩.১ মিলিয়
৫. ভক্ষক: ২.৪ মিলিয়ন
৬. অমর সিং চামকিলা: ২.৪ মিলিয়ন
৭. লাপাতা লেডিস: ২.২ মিলিয়ন
৮. আর্টিকেল ২৭০: ২.১ মিলিয়
৯. সালার: ১.৬ মিলিয়ন (হিন্দি)
১০. মেরি ক্রিসমাস: ১.২ মিলিয়ন
১১. অল ইন্ডিয়া র্যাঙ্ক: ১.১ মিলিয়ন – কইমই







