ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই এখন নাটকীয়তায় ভরপুর। গত মৌসুমে তাদের মাঠে বর্ণবাদের শিকার হয়ে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেছিলেন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। সেই মাঠে এবার বর্ণবাদের শিকার না হলেও ভেন্যুটি যেন বিতর্কের নিত্যসঙ্গীই থাকল। রাতের ম্যাচে শেষ মুহূর্তে রেফারির সিদ্ধান্তে ছড়ায় উত্তেজনা। জুড বেলিংহ্যামের গোল নাকচের পর লাল কার্ড। তাতে বেশ ‘ক্ষুব্ধ’ দলটির কোচ কার্লো আনচেলত্তি।
মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের ম্যাচটি ২-২তে ড্র হয়েছে। ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়ে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের জোড়া গোলে ড্র করে রিয়াল।
লস ব্লাঙ্কোসদের পয়েন্ট হারানোর সঙ্গে যোগ হয়েছে আরেক হতাশা। চোট কাটিয়ে মাঠে ফিরে লাল কার্ড দেখেছেন বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে শেষ বাঁশি বাজার পর লাল কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার।
ঘটনাটি ম্যাচের একেবারে শেষ মুহূর্তের। যার উৎসমূল রেফারি নিজেই। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ডানপ্রান্ত ধরে এক আক্রমণে উঠেছিল মাদ্রিদ, ব্রাহিম ডিয়াজের ক্রসে হেডে বল জালেও পাঠিয়েছিলেন বেলিংহ্যাম। কিন্তু ক্রসের ঠিক আগমুহূর্তে ম্যাচের শেষ বাঁশি বাজান রেফারি জেসুস মানজানো।
মাদ্রিদ খেলোয়াড়রা উত্তেজিত হয়ে মাঠে ঘিরে ধরেন রেফারিকে। জানাতে থাকেন প্রতিবাদ। বেলিংহ্যাম একটু বেশি উত্তেজিত ছিলেন। রেফারি লাল কার্ড দেখিয়ে বসেন ইংলিশ মিডফিল্ডারকে।
পরে আনচেলত্তি বলেছেন, ‘এটি একটি নজিরবিহীন ঘটনা। এর বাইরে যোগ করার আর কিছুই নেই। বেলিংহ্যামের লাল কার্ডে আমরা বিরক্ত হয়েছি, কারণ সে অপমানজনক কিছু বলেননি। এটি ছিল হতাশার। আমার মনে হয় বল যখন ভ্যালেন্সিয়ার দখলে ছিল, তখনই ম্যাচ শেষ করা দরকার ছিল।’
‘‘এরপর বেলিংহামের লাল কার্ডে আমরা বিরক্ত হয়েছি। বেলিংহাম রেফারিকে বলেছেন, ‘এটা বাজে(গালি) গোল ছিল।’ আমি মনে করি সে ভুল করেছে। সে রেফারিকে অপমান করেনি। আমরা দেখব ম্যাচের প্রতিবেদনে রেফারিরা কী লিখেছেন। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় আমরা রাগান্বিত ও ক্ষুব্ধ। আমাদের সবাইকে শান্ত হতে হবে। বুধবার আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’’
ম্যাচে জয় না পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৯। রিয়ালের পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে জার্মান ক্লাব লেইপজিগের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে আছে তারা।







