বিনোদন

টেলিভিশন উপস্থাপনায় শশী থারুর, ডিসকভারিতে আসছে ‘ইতিহাস’

টেলিভিশন উপস্থাপনায় শশী থারুর, ডিসকভারিতে আসছে ‘ইতিহাস’

ভারতের রাজনীতিবিদ ও লেখক শশী থারুর এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। টেলিভিশন উপস্থাপক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। ডিসকভারির চার পর্বের প্রামাণ্যচিত্র সিরিজ ‘ইতিহাস: রামায়ণ বিয়ন্ড বর্ডার্স’-এর উপস্থাপনার দায়িত্বে থাকছেন তিনি। আগামী ৭ ডিসেম্বর থেকে ভারতে সিরিজটির প্রচার শুরু হবে।

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, সিরিজটিতে কয়েক শতাব্দী ধরে এশিয়ার বিভিন্ন দেশে রামায়ণের বিস্তার, সাংস্কৃতিক প্রভাব এবং বিভিন্ন সমাজে মহাকাব্যটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তুলে ধরা হবে। ‘ইতিহাস’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে নেওয়া, যার অর্থ মহাকাব্যিক ইতিহাস।

আগামী ৭ ডিসেম্বর রাত ৯টায় ডিসকভারি ও ডিসকভারি প্লাসে সিরিজটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। ভারতের দর্শকেরা টেলিভিশনের পাশাপাশি ডিসকভারি প্লাস অ্যাপেও এটি দেখতে পারবেন।

সিরিজটির মূল বিষয়বস্তু রামায়ণের ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার ইতিহাস। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো কীভাবে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও স্থানীয় কাহিনির সঙ্গে রামায়ণকে যুক্ত করেছে, তা তুলে ধরা হবে।

থাইল্যান্ডে রামায়ণ ‘রামাকিয়েন’, কম্বোডিয়ায় ‘রিয়ামকের’, ইন্দোনেশিয়ায় ‘কাকাউইন রামায়ণ’ এবং লাওসে ‘ফ্রা লাক ফ্রা রাম’ নামে পরিচিত। এসব সংস্করণে মূল কাহিনির পাশাপাশি চরিত্র ও ঘটনাপ্রবাহেও বিভিন্ন পরিবর্তন দেখা যায়।

সিরিজটিতে শশী থারুর দর্শকদের সামনে রামায়ণের বিভিন্ন রূপান্তর ও সাংস্কৃতিক যাত্রার বিষয়গুলো তুলে ধরবেন। সংবাদমাধ্যমের বিতর্ক, আলোচনা অনুষ্ঠান ও সাহিত্যবিষয়ক আয়োজনে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ হলেও টেলিভিশন সিরিজের উপস্থাপক হিসেবে এটি তার প্রথম কাজ।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন থারুর। তিনি জানান, বিভিন্ন সময়ে নিজেকে নানা অর্থে একজন ‘অ্যাঙ্কর’ বা ভরসার মানুষ হিসেবে ভেবেছেন। তবে টেলিভিশন উপস্থাপক হিসেবে কাজ করা তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। চার পর্বের এই সিরিজের উপস্থাপক হতে পেরে তিনি আনন্দিত।

এদিকে ডিসকভারি চ্যানেল ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিরিজটির একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে রামের উপস্থাপনার নানা ঝলক দেখা গেছে। ভিডিওটি সিরিজটি সম্পর্কে দর্শকদের সামনে প্রকাশিত প্রথম আনুষ্ঠানিক প্রচারণা।

‘ইতিহাস: রামায়ণ বিয়ন্ড বর্ডার্স’ সিরিজের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যে রামায়ণের প্রভাব নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ডিসকভারি। দ্য স্টেটসম্যান 

বিষয়:ইতিহাস : রামায়ণ বিয়ন্ড বর্ডার্স টেলিভিশন উপস্থাপক ডিসকভারি রাজনীতিবিদ লেখক শশী থারুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…