ফিফা সভাপতি নির্বাচনে কে এই ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী

২০২৭ সালে হবে ফিফা সভাপতি নির্বাচন। যেখানে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দুজন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে চলেছেন। তারা হলেন ফ্রান্সের ফিলিপে দিয়ালো এবং জাপানের কোহজো তাশিমা।
ফিফা জানিয়েছে, ফিলিপে ও তাশিমা পাঁচটি সদস্য ফেডারেশনের মনোনয়নপত্রসহ প্রবেশপত্র জমা দেয়ার জন্য জুরিখে সময়সীমা মেনেছেন। ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের ভোট ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত হবে।
গত জুলাইতে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশ বিক্রি করার পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকেই ইনফান্তিনোর আসন নিয়ে প্রশ্ন ওঠে। তার পদত্যাগের দাবি উঠেছিল। তীব্র সমালোচনার মুখে প্রকল্পটি বাতিল করেন। এরপর আলোচনায় আসে আসন্ন সভাপতি নির্বাচনে তার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে।
ফিলিপে দিয়ালো ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি নান্তেসের একাডেমিতে খেলেছেন। ১৯৯২ সাল থেকে ফুটবলের সঙ্গে যুক্ত আছেন এবং ২০ বছরেরও বেশি সময় ধরে ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের বিচারক ছিলেন। মঙ্গলবার প্যারিসে ফিফা সভাপতি পদের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করার সময় জানান, অন্যান্য মহাদেশ থেকেও জোরাল সমর্থনের ইঙ্গিত পেয়েছেন।
দিয়ালো বলেছেন, ‘ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উয়েফা থেকে প্রথমে তাকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট চাপ দেন।’ ৬৩ বর্ষী এ ফরাসী জানান, সভাপতি পদের প্রতিদ্বন্দ্বী তাশিমাকে একজোট হতে রাজি করানোর চেষ্টা করবেন।
৬৮ বর্ষী তাশিমা জাপানের প্রথম ব্যক্তি যিনি ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়ার সময় তিনি জানান, বিষয়টা জয়-পরাজয়ের নয়, বরং জাপানি ফুটবল যে সৎ, সুস্থ ও ন্যায়পরায়ণ মনোভাব গড়ে তুলেছে, তা বিশ্বের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য।
তিনি বলেছেন, ‘ফিফার এখন সেই মূল্যবোধগুলোই প্রয়োজন, যা আমরা রক্ষা করেছি। বিশ্বের কাছে এই আবেদন পৌঁছে দেয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি ২০১৫ সাল থেকে ফিফার পরিচালন কমিটিতে রয়েছেন, যখন সেপ ব্ল্যাটার সভাপতি ছিলেন। তিনি জাপানের সাবেক ফুটবলার ও ফেডারেশনের প্রধান ছিলেন। খেলোয়াড় হিসেবে ১৯৭৯-৮০ সালে জাপানের হয়ে ৭ ম্যাচ খেলেছেন।





