বাংলাদেশ

রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা

রোহিঙ্গাদের ফেরাতে আইসিজের রায় বাংলাদেশের বড় কূটনৈতিক হাতিয়ার: মার্কিন মুসলিম নেতা

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম মানবাধিকারকর্মী ইমাম আবদুল মালিক মুজাহিদ। তার মতে, ১৯৭৮ সালের পর বাংলাদেশের হাতে এটি সবচেয়ে শক্তিশালী দর-কষাকষির হাতিয়ার।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বার্মা টাস্ক ফোর্স ইউএসএর চেয়ারম্যান ও মানবাধিকার সংগঠন জাস্টিস ফর অল-এর প্রেসিডেন্ট মুজাহিদ বলেন, রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নির্যাতনকে বিশ্বের সর্বোচ্চ আদালত গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই রায় কাজে লাগিয়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

গত ১৯ নভেম্বর ৯-৬ ভোটে দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। আদালত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

মুজাহিদ বলেন, মিয়ানমার আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করতে পারে, কিন্তু গণহত্যা সনদে স্বাক্ষরকারী ১৫৪টি দেশকে উপেক্ষা করতে পারবে না। এ ছাড়া ৫৭ সদস্যের ওআইসি এই মামলায় সমর্থন দিয়েছে এবং ১১টি দেশ গাম্বিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মামলায় অংশ নিয়েছে।

আদালতের রায় বাস্তবায়নে সময় লাগলেও এর কার্যকারিতা নিয়ে হতাশ হওয়ার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, সার্বিয়া যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচকে হস্তান্তর করেছে এবং উগান্ডা কঙ্গোকে ক্ষতিপূরণ দিচ্ছে। একসময় মিয়ানমারকেও জবাবদিহির আওতায় আসতে হবে।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে চারটি বিষয়ে গুরুত্ব দেন মুজাহিদ। এর মধ্যে রয়েছে, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত কৌশলের আলোকে প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা ও চাপ বাড়ানো, রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, গণহত্যার ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশকেও অর্থ দিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং আন্তর্জাতিক সহায়তা পুনরায় চালু করা।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুকে শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে, যাতে তারা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারে। পাশাপাশি মিয়ানমারের গণহত্যার কারণে বাংলাদেশের ওপর যে অর্থনৈতিক ও মানবিক চাপ তৈরি হয়েছে, তার ক্ষতিপূরণও মিয়ানমারকে দিতে হবে।

মানবিক সহায়তা তহবিল পুনরায় চালুর আহ্বান জানিয়ে মুজাহিদ বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। গণহত্যার স্বীকৃতির পরও রোহিঙ্গাদের অনাহারে থাকতে দেওয়া উচিত নয়।

দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় বাংলাদেশের একটি সংগঠনের সঙ্গে অংশীদারত্বে রোহিঙ্গা ক্যাম্পে আমেরিকান মুসলিম ভোকেশনাল স্কুল পরিচালনার বিষয়টিও তুলে ধরেন।

মুজাহিদ জানান, ২০১২ সালে আমেরিকান মুসলিমদের উদ্যোগে বার্মা টাস্ক ফোর্স প্রতিষ্ঠিত হয়। ২০১৭ ও ২০১৮ সালে রোহিঙ্গা ক্যাম্পে সংগঠনটির পরিচালিত গবেষণা গণহত্যা মামলার প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহে ভূমিকা রেখেছে।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক আলোচনায় ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের শুধু সংখ্যা হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। তাদের দুর্ভোগের কথা বিশ্বকে মনে করিয়ে দিতে হবে।

বিষয়:আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) যুক্তরাষ্ট্রের মুসলিম মানবাধিকারকর্মী ইমাম আবদুল মালিক মুজাহিদ রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…