‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র স্বত্ব নিলো চ্যানেল আই

একটি উৎসবের দৃশ্য যেখানে অতিথি ও দর্শকরা অংশগ্রহণ করছে, উৎসবের পরিবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ
গেল বছরের আলোচিত ও প্রশংসিত ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। কলকাতা জয়ী মুহাম্মদ কাইউম পরিচালিত ছবিটির টিভি ও অনলাইন স্বত্ব কিনে নিল চ্যানেল আই।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) চ্যানেল আই ও নির্মাতা মুহাম্মদ কাইউমের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।
এ বিষয়ে ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন জানান, দুই দশকের বেশি সময় ধরে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম এককভাবে চলচ্চিত্র প্রযোজন করছে। তৈরি করেছে শতাধিক আলোচিত এবং প্রশংসিত ছবি। শুধু প্রযোজনা নয়, নির্মিত বহু স্বাধীন চলচ্চিত্রের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। চলচ্চিত্রের উন্নয়ন অগ্রযাত্রায় অভূতপূর্ব অবদান রেখে চলেছে। সেই ধারাবাহিকতায় পুরোপুরি স্বাধীন ধারার ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র টেলিভিশন ও অনলাইন স্বত্ব নিয়েছে চ্যানেল আই।
তিনি মনে করেন, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতার জন্য শত প্রতিবন্ধকতার মধ্যেও এমন সাপোর্ট সন্দেহাতীত ভাবে তাকে আগামি ছবি নির্মাণে অনুপ্রেরণা যুগাবে।
এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে মুহাম্মদ কাইউম বলেন, স্বাধীন ধারায় নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ছবিটি নির্মাণ করতে তিন বছরের বেশি সময়ে লেগেছে। নির্মাণ সম্পন্ন করার পর প্রতি পদে পদে বাঁধার সম্মুখিন হতে হয়েছে। গুটি কয়েক সিনেমা হলে মুক্তি দিতে পারলেও সেখান থেকে লগ্নী ফেরতের মতো কিছু ঘটেনি। তবে আশার কথা হলো, টেলিভিশন ও অনলাইনে ছবিটি বিক্রি করে অর্থ ফেরত পাওয়ার দ্বার এখন উন্মোচিত হয়েছে। সে জায়গায় চ্যানেল আই ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ নিয়ে আগ্রহী হওয়ায় আমরা কৃতজ্ঞ।
তিনি বলেন, যেহেতু প্রযোজক টাকা নিয়ে আমাদের মতো নির্মাতাদের পেছনে নেই, সুতরাং প্রযোজকের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে- আমাদেরকে টাকা ফেরত আনার উপায় খুঁজতে হবে। আমি মনে করি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটা একটা বড় উপায়। আর চ্যানেল আই এমন সিনেমাগুলোর পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় তাদের প্রতি ধন্যবাদ।
গেল বছর বাংলাদেশে মুক্তির পর সর্বশেষ ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘সেরা ছবি’র পুরস্কার জিতে আলোচনায় আসে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। সেই সাথে সমালোচকদের প্রশংসাও পেয়েছে ছবিটি। হাওর অঞ্চলের একদল মানুষের সহজ-সরল ও একইসাথে কঠিন সংগ্রামের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। ছবির সিনেমাটোগ্রাফি মুগ্ধ করেছে দর্শক-সমালোচকদের।
‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চ্যানেল আই ও ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিনে কবে থেকে দেখানো হবে, এ বিষয়ে শিগগির জানানো হবে বলে জানিয়েছেন আবু শাহেদ ইমন।
কুড়া পক্ষীর শূন্যে উড়া
কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: মুহাম্মদ কাইউম অভিনয়ে: জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম,আবুল কালাম আজাদ, গাজী মাহতাব হাসান প্রমুখ। চিত্রগ্রাহক: মাজহারুল রাজু পরিচালকের বিশেষ সহকারি: প্রয়াত গাজী মাহতাব হাসান






