রাজনীতি

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নাজমুলের আহ্বান

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নাজমুলের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানে সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলামের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা এবং বর্তমান সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের স্বজনদের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব ঘটনার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তিকে দায়ী করে বলেন, এসব ঘটনা আবারও প্রমাণ করে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং জনগণের জীবন ও নিরাপত্তাকে উপেক্ষা করে সহিংসতার মাধ্যমে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রবণতা এখনো বিদ্যমান। এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশাসনকে কার্যকর ও জবাবদিহিমূলক করার আহ্বান জানান নাজমুল হাসান। তিনি বলেন, অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা থেকে শুরু করে এর সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলো ক্রমাগত নিরাপত্তাহীনতার মুখে পড়বে।

তিনি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের প্রভাব বিস্তার, সহিংসতায় সম্পৃক্ততা কিংবা অপরাধীদের সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এমন কর্মকর্তাদের চাকরিচ্যুতিসহ দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানের সব ছাত্রসংগঠন, রাজনৈতিক শক্তি এবং দেশপ্রেমিক ছাত্র-জনতার প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দলীয় বিভেদ ও মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদী সহিংসতা, সন্ত্রাস ও আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।

নাজমুল হাসান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক।

বিষয়:জুলাই যোদ্ধা নাজমুল হাসান নুসরাত তাবাসসুম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হাসিবুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…