‘আমিই সবার আগে মরে যেতাম’ যে কারণে বললেন কাজল

২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং সেটে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ার সেই ঘটনা আজও ভুলতে পারেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে কাজল বলেন, ‘আমিই সবার আগে মারা যেতাম।’
‘হিউম্যানস অব বোম্বে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্ঘটনার রাতের স্মৃতিচারণ করেন এই অভিনেত্রী। তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে ভারতে লকডাউন শুরুর কয়েক দিন আগে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে দুর্ঘটনাটি ঘটে। তখন শঙ্কর পরিচালিত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং চলছিল।
কাজল জানান, দুর্ঘটনার দিন সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছিল। ওই দৃশ্যে তাকে ৮০ বছর বয়সী এক নারীর সাজে অভিনয় করতে হয়েছিল। শুটিংয়ের সময় সাধারণত শিল্পী ও কলাকুশলীরা মনিটরের সামনে বসে দৃশ্য পর্যবেক্ষণ করেন। সেদিনও তারা সেখানে বসে ছিলেন।
হঠাৎ সবাইকে ছোটাছুটি করতে দেখে কাজলও দৌড়াতে শুরু করেন। এ সময় একটি টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। এরপর পেছনে ফিরে তাকাতেই দেখতে পান, প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন তার দিকে ভেঙে পড়ছে।
সেই মুহূর্তের বর্ণনা দিয়ে কাজল বলেন, ‘আমি তখন ভাবছিলাম, কী থেকে পালাচ্ছি? একবার পেছনে ফিরে দেখি না কেন? এরপর পেছনে তাকিয়ে দেখি, ১০০ ফুট উঁচু একটি ক্রেন আমার দিকে পড়ে আসছে। পুরো ঘটনাটি এক সেকেন্ডেরও কম সময়ে ঘটে যায়। ক্রেনটি পড়তে দেখে আমি একেবারে স্থির হয়ে গিয়েছিলাম। কী ঘটছে, তা বুঝতেই পারছিলাম না।’
তিনি আরও বলেন, ‘ক্রেনটি আমার ঠিক পাশেই এসে পড়ে। আমি সেটির দিকে তাকিয়ে কাঁপছিলাম।’
কাজল জানান, দুর্ঘটনার পর বেশ কয়েক দিন তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একই সঙ্গে প্রাণে বেঁচে যাওয়ার ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন। এই ঘটনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার বিশ্বাস আরও গভীর হয়েছে বলেও জানান অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং চলাকালে ক্রেন ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও নয়জন। নিহত ব্যক্তিরা হলেন সহকারী পরিচালক কৃষ্ণ, আর্ট অ্যাসিস্ট্যান্ট চন্দ্রন এবং প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট মধু। প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশনস তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল।
লাইকা প্রোডাকশনস ও রেড জায়ান্ট মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। এ ছাড়া এতে রয়েছেন সিদ্ধার্থ, এস জে সূর্য, গুলশান গ্রোভার, ববি সিমহা ও প্রয়াত নেদুমুদি ভেনু। সিনেমাটি তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিল। এনডিটিভি





