বিয়ে করলেন ‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী

Two women with blonde hair at a social gathering, one with tattoos, engaging in conversation. Channel i News – চ্যানেল আই নিউজ
দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’ খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। রবিবার (২০ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে ঘরোয়া আয়োজনে বাগদত্তা ডিলান মায়ার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ক্রিস্টেন।
ক্রিস্টেনের বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তার স্বামী ব্র্যান্ডন ডেভিস। তাদের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। মার্কিন লেখক, চিত্রনাট্যকার, পরিচালক নিকোলাস মায়ারের কন্যা ডিলান মায়ার। তিনিও একজন চিত্রনাট্যকার ও প্রযোজক।
২০১১ সালের ৩০ অক্টোবর মুক্তি পায় জনপ্রিয় হলিউড সিনেমা ‘টেয়াইলাইট’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন। এ সিনেমায় অভিনয় করার আগেই অর্থাৎ ২০০৯ সালে সম্পর্কে জড়ান তারা। পরবর্তীতে তা ভেঙে যায়।
স্টুয়ার্ট অভিনীত ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ সিনেমার পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিস্টেন। ২০১২ সালে এটি প্রকাশ্যে আসে। অসম এই প্রেম নিয়ে ক্ষমাও চান এই নির্মাতা। অভিনেত্রী স্টেলা ম্যাক্সয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০১৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তারা।
ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমিক-প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। কখনো পুরুষ, কখনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে ২০১৭ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট ঘোষণা দেন তিনি সমকামী।
২০১৩ সালে সিনেমার শুটিং সেটে ডিলান মায়ারের সঙ্গে পরিচয় হয় ক্রিস্টেন স্টুয়ার্টের। অভিনেত্রী স্টেলা ম্যাক্সয়েলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ডেট করা শুরু করেন ক্রিস্টেন-ডিলান। ২০২১ সালে বাগদান সারেন তারা। সর্বশেষ আইন মেনে বান্ধবীকে বিয়ে করলেন ৩৫ বছরের এই নায়িকা।






