এবারের কান উৎসবে আলো ছড়ালেন ‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট! তবে অভিনেত্রী হয়ে নন বরং নির্মাতা হয়ে কানের মঞ্চে ধরা দেন মার্কিন এই তারকা।
এবছর তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ প্রদর্শিত হয়েছে মর্যাদাপূর্ণ এই উৎসবে। লিডিয়া ইউকনাভিচ-এর আত্মজীবনীমূলক উপন্যাস ‘লা মেকানিক দেস ফ্লুইদেস’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে এক তরুণ সাঁতারুর জীবনকাহিনি তুলে ধরা হয়েছে, যে বেড়ে ওঠে সহিংসতা ও মদ্যপানে ক্ষতবিক্ষত এক পরিবারে।
সেই অন্ধকার পরিবেশ থেকে বেরিয়ে এসে সাহিত্যে আশ্রয় খুঁজে পায় সে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে খুঁজে পায় নিজের নতুন পরিচয় ও মুক্তির পথ।
নির্মাতা হয়ে এবারের কান উৎসবে ক্রিস্টেন হাজির হয়েছিলেন হালকা গোলাপি রঙের ক্লাসিক চ্যানেল-স্টাইলের টুইড টু-পিস সেট পরে, যার উপরে হালকা জরির ঝিলিক যুক্ত ছিল। সোনালী চুল ছিলো খোঁপায় বাঁধা, স্বচ্ছ কাপড়ের সাদা স্কার্ট তার লুকটিকে করে তুলেছিল আরও আত্মবিশ্বাসী, দৃষ্টিনন্দন ও অনন্য।
অন্যদিকে তার গলায় থাকা নেকলেস ও হালকা রঙের সানগ্লাস পুরো সাজকে এনে দিয়েছিল এক সম্ভ্রান্ত ছোঁয়া। এসময় ক্রিস্টেনের আত্মবিশ্বাসী হাঁটা এবং ক্যামেরার দিকে তাকিয়ে মাঝে মাঝে হালকা হাসি ছুঁড়ে দেয়া প্রমাণ করে যে তিনি ঠিক জানেন কীভাবে উৎসবের আলো নিজের দিকে নিয়ে আসতে হয়, ছড়িয়ে দিতে হয় আনন্দ।
অভিনেত্রী থেকে পরিচালক হিসেবে অভিষিক্ত হওয়া ক্রিস্টেন স্টুয়ার্টের হলিউডে ২০ বছরেরও বেশি সময় ধরে বিশাল ও বৈচিত্র্যময় ক্যারিয়ার রচিত হয়েছে। তিনি ‘প্যানিক রুম’র মতো ছবিতে এবং ‘দ্য টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজিতে বেলা সোয়ান চরিত্রে অভিনয় করে গোটা বিশ্বকে মুগ্ধ করেন। ২০১৯ সালের ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর মতো বড় ব্লকবাস্টার ছবিতে অভিনয়ের পর থেকে এবং ‘ক্লাউডস অব সিলস মারিয়া’ এবং ‘ক্রাইমস অব দ্য ফিউচার’-এর মাধ্যমে ইন্ডিফিল্ম জগতে ঝড় তুলেছিলেন।
ফ্রান্সের কানসৈকতে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ মে, শেষ হবে ২৪ মে।








