টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মা। এর রেশ না কাটতেই এবার লাল বলের ক্রিকেট ছাড়তে চাচ্ছেন বিরাট কোহলি। ভারতের গণমাধ্যমের দাবি,বিসিসিআইকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কোহলি। তবে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা কোহলির সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। যদিও এখনও কোহলি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি সামনে আনেনি।
এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘তিনি (কোহলি) মনস্থির করে ফেলেছেন এবং টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন বোর্ডকে। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে তাকে আবারও বিষয়টি ভাবতে বলেছে বিসিসিআই। এরপর আর নতুন করে কিছু জানাননি কোহলি।’
৩৬ বর্ষী কোহলি আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৩টি টেস্ট খেলেছেন। যেখানে ভারতের জার্সিতে তিনি ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। করেছেন ৩০ সেঞ্চুরি ও ৩১ হাফসেঞ্চুরি। তবে গত পাঁচ বছর ধরেই কোহলির রানের গড় উল্লেখযোগ্য হারে কমেছে। সর্বশেষ ৩৭ টেস্টে তিন সেঞ্চুরিতে করেন ১৯৯০ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ডিসেম্বর-জানুয়ারিতে পাঁচ টেস্টে তার গড় ছিল ২৩.৭৫। আউট হওয়া আট ইনিংসের মধ্যে সাতটিতেই তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।
আগামী ২০ জুন থেকে ভারত ইংলিশদের মাটিতে ৫ টেস্টের সিরিজ খেলবে। এই সিরিজ দিয়ে নতুন অধিনায়কের অধ্যায় শুরু করতে যাচ্ছে ভারত।








