নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুতে শিরোপামঞ্চে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের দল। যাত্রাপথটা সহজ ছিল না, মেয়েদের উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আরেকবার তুলে ধরলেন সেসব কথাই। সাফল্য যাত্রায় সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের অনেকবেশি অবদান ছিল, তাকে স্মরণ করে কাঁদলেন কিরণ।
মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে আসেন বীরকন্যারা। সেখানে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে মেয়েদের সাফল্যযাত্রার পেছনের কাহিনী তুলে ধরেন কিরণ। জানান, এপর্যন্ত আসতে নানা কাঠখড় পোড়াতে হয়েছে তার এবং সাবেক সভাপতির।
‘এশিয়া কাপ ও ওয়ার্ল্ডকাপে যেতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। যে চ্যাম্পিয়নদের আপনারা দেখছেন, তাদের নিয়ে আমি এবং কাজী সালাউদ্দিন যখন যাত্রা শুরু করেছিলাম, সেটা অনেকবেশি কঠিন ছিল। কারণ মেয়েদের নাম শুনলে কোনো স্পন্সর আসতে চাইত না। আমাদের কোনো স্পন্সর ছিল না, যাত্রাটা অনেক কঠিন ছিল।’
‘বাংলাদেশে অনেক ফুটবলবোদ্ধা আছেন, তবে তার মধ্যে কাজী সালাউদ্দিন সর্বশ্রেষ্ঠ। তার কারণে বাংলাদেশের মেয়েরা আজকে চ্যাম্পিয়ন এবং আমরা স্বপ্ন দেখি এশিয়ান কাপ ও ওয়ার্ল্ড কাপের মতো আসরে খেলার। আজকের দিনে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই কাজী সালাউদ্দিনকে, তিনি তার মেধা দিয়ে ফুটবলকে এ জায়গায় নিয়ে গেছেন। তিনি সভাপতি না থাকলে আমাদের পক্ষে সম্ভব হতো না ফুটবলকে এ পর্যায়ে নিয়ে আসতে।’
‘আমরা অবশ্যই স্বপ্ন দেখি মেয়েদেরকে এশিয়ান পর্যায়ে নেয়ার। মেয়েদেরকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, তা হল শক্তিশালী দলগুলোর বিপক্ষে বেশি করে ফিফার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে। বর্তমান কমিটি অনেকবেশি ইতিবাচক মেয়েদের খেলা নিয়ে।’








