আগামীকাল শুক্রবার থেকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।
আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এই স্টেশনটি মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। তখন আওয়ামী লীগ সরকার জানিয়েছিল এই দুটি স্টেশন চালু হতে এক বছরের মতো সময় লাগবে। পরে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২৫ আগস্ট মেট্রোরেলের কার্যক্রম পুনরায় শুরু করে।







