বিনোদন

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

অডিও প্রযোজনার প্রচলিত বাজার যখন ক্রমেই সংগীতের জগৎ থেকে মুখ ফিরিয়ে নাটক, ওয়েব কনটেন্ট ও দৃশ্যনির্ভর বিনোদনের বিস্তৃত হচ্ছে। ঠিক তখনই গানের প্রতি দায়বদ্ধতা ও গভীর অনুরাগ থেকে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এক ব্যতিক্রমী ও দুঃসাহসী উদ্যোগের সূচনা করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানের ভুবনকে নতুন করে সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্পীকে নিয়ে শুরু করেছে একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ। এই উদ্যোগ যেন হারিয়ে যেতে বসা সুরের ভুবনে ফিরে যাওয়ার এক নান্দনিক অভিযাত্রা।

সেই ধারাবাহিকতার প্রথম অধ্যায় হিসেবে শিগগির আত্মপ্রকাশ করতে যাচ্ছে ডিএমএসের বিশেষ নিবেদন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’।

নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ভিন্ন স্বাদের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছেন কাজী শুভ। অ্যালবামের গানগুলো লিখেছেন, তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান।

এসব গানের সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। অ্যালবামের সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজীশুভর সাথে দ্বৈতকন্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বসিত কাজী শুভ। তিনি বলেন, ‘দীর্ঘ বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে। বিষয়টি অত্যন্ত আনন্দের। অডিওর এই খারাপ সময়ে ধ্রুব দা যে ঝুঁকিটা নিয়েছেন, তার জন্য দাদার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। কারণ তার এই উদ্যোগ দেশের অডিও শিল্পকে আরও সমৃদ্ধ করবে। অ্যালবামে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। অ্যালবামের নয়টি গানই নয় রকমভাবে করার চেষ্টা করেছি।’

সংগীতাঙ্গনের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ। তিনি বলেন, ‘বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষেই কাজ করে যাচ্ছে ডিএমএস। সময়ের প্রবল স্রোতে যখন শ্রুতির জগত ক্রমশ দৃশ্যের কাছে তার পরিসর হারাচ্ছে, তখন বাংলা গানের স্বকীয়তা, ঐতিহ্য ও মায়াময় আবেশকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এই উদ্যোগ নতুন করে শ্রোতাদের মধ্যে বাংলা গান নিয়ে আগ্রহ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।’

ডিএমএস সূত্রে জানা গেছে, শিগগিরই ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি সকল মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে অ্যালবামটি।

বিষয়:কাজী শুভ ধ্রুব মিউজিক স্টেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…