চণ্ডীগড় বিমানবন্দরে থাপ্পড়, ভিডিও বার্তায় যা বললেন কঙ্গনা

চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা ও অন্যদের মধ্যে উত্তেজনা ও ঝগড়া দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চণ্ডীগড় বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন ভারতের নির্বাচনে সদ্য বিজয়ী সংসদ সদস্য ও বলিউড তারকা কঙ্গনা রানাউত। বিমানবন্দরে তাকে চড় মারা হয়েছে বলে অভিযোগ এনেছেন কঙ্গনা নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিজেপি থেকে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত প্রার্থী কঙ্গনা। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন। আর বিমানবন্দরে এসেই হেনস্থার শিকার হন তিনি।
বিকেল সাড়ে ৩টার দিকে বিস্তারার বিমানে ওঠার কথা ছিল কঙ্গনার। সেখানেই নিরাপত্তাজনিত কারণে তল্লাশির সময়ে এক নারী নিরাপত্তারক্ষীর সঙ্গে অভিনেত্রীর কথা কাটাকাটির সূত্রপাত। হিন্দুস্তান টাইমস্ বলছে, বিমানবন্দরে তল্লাশির সময়ে নিজের মোবাইল ফোনটি নির্দিষ্ট ট্রে-তে রাখতে রাজি হননি কঙ্গনা। তাতে আপত্তি করেন নিরাপত্তারক্ষী।
তিনি অভিনেত্রীকে জানান, বিমানবন্দরের নিরাপত্তার নিয়ম অনুযায়ী, মোবাইল ওই ট্রে-তে রাখতে হবে। তার জেরেই ঝামেলা শুরু হয়। বিমানবন্দরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কঙ্গনা প্রথমে ওই নারী নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারেন। এর পরেই ওই নিরাপত্তারক্ষীও তাকে ধাক্কা দেন। যদিও ধাক্কার বিষয়টি মানতে নারাজ কঙ্গনা। তিনি সরাসরি ওই নারীর বিরুদ্ধে তাকে চড় মারার অভিযোগ এনেছেন। কঙ্গনার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে।
পরে নিজের এক্স হেন্ডেল (সাবেক টুইটার) থেকে একটি ভিডিও পোস্ট করেন কঙ্গনা। কঙ্গনার দাবি, ভারতের আন্দোলনরত কৃষকদের সম্পর্কে মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেই ক্ষোভ পুষে রেখেছিলেন ওই নারী নিরাপত্তারক্ষী। যে কারণে এদিন তাকে শারীরিকভাবে হেনস্থা করেন।
ওই নারী কৃষক আন্দোলনের সমর্থক, তাই তাকে আক্রমণ করেছেন- এমন মন্তব্য করে ভিডিও বার্তায় ‘কুইন’ এর নায়িকা বলেন,“চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির পর আজ আমি যখন বেরোলাম, পাশের একটি কেবিন থেকে এক নারী নিরাপত্তারক্ষী বেরিয়ে এসে পাশ থেকে আমার গালে মারেন। আমাকে গালিগালাজও করেন। আমি তাকে যখন জিজ্ঞেস করলাম, কেন উনি এমন করলেন, উনি বললেন, উনি কৃষক আন্দোলনকে সমর্থন করেন। পাঞ্জাবে যেভাবে আতঙ্কবাদ এবং উগ্রবাদ বেড়ে চলেছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন।’’
Shocking rise in terror and violence in Punjab…. pic.twitter.com/7aefpp4blQ
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 6, 2024






