তিন বোনের আত্মত্যাগ থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন নির্মূল দিবস

সংগৃহীত
নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৫ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন নির্মূল দিবস। তিন বোনের আত্মত্যাগের স্মৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই দিনটি এখন বিশ্বজুড়ে নারীর অধিকার প্রতিষ্ঠা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।
১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরশাসক রাফায়েল ত্রুহিলোর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারান পাত্রিয়া, মিনার্ভা ও মারিয়া তেরেসা মিরাবাল। রাজনৈতিক আন্দোলনে সক্রিয় এই তিন বোন ‘লাস মারিপোসাস’ বা ‘প্রজাপতি’ নামে পরিচিত ছিলেন। তাদের হত্যাকাণ্ড তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। পরবর্তী সময়ে তারা নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীকে পরিণত হন।
মিরাবাল বোনদের স্মরণে ১৯৮১ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের নারী অধিকারকর্মীরা ২৫ নভেম্বরকে নারী নির্যাতনবিরোধী দিবস হিসেবে পালনের উদ্যোগ নেন। পরে ১৯৯১ সালে নারী অধিকারকর্মীরা ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত ১৬ দিনের কর্মসূচি পালনের সূচনা করেন। এই কর্মসূচি ‘১৬ দিনের সক্রিয়তা’ নামে পরিচিতি পায়।
এর ধারাবাহিকতায় ১৯৯৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৫ নভেম্বরকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন নির্মূল দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
মিরাবাল বোনদের জীবন ও সংগ্রাম নিয়ে লেখক জুলিয়া আলভারেজ ১৯৯৪ সালে প্রকাশ করেন ঐতিহাসিক উপন্যাস ‘ইন দ্য টাইম অব বাটারফ্লাইস’। পরে ২০০১ সালে একই নামে চলচ্চিত্র নির্মিত হয়। মারিয়ানো বারোসো পরিচালিত ওই চলচ্চিত্রে অভিনয় করেন সালমা হায়েক।
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমতা প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। তিন বোনের আত্মত্যাগের মধ্য দিয়ে যে প্রতিবাদের সূচনা, তা আজ বিশ্বজুড়ে নারীর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রেরণা জোগাচ্ছে।





