২০২১ সালের এপ্রিলে মেয়েদের ক্রিকেটে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। সেটির চার বছর পেরোলেও লাল বলে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি টিম টাইগ্রেস। ঐতিহ্যবাহী সংস্করণটির প্রতি ছোটবেলা থেকেই বিশেষ টান কাজ করে বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।
ছেলেদের ক্রিকেটে ২০০০ সালের ২৬ জুন টেস্ট স্বীকৃতি পায় বাংলাদেশ। মাইলফলকের রজতজয়ন্তী উপলক্ষে নানা আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত শনিবার থেকে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে হয়েছে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড টুর্নামেন্ট, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধারাভাষ্য প্রতিযোগিতা, ‘হিট দ্য স্টাম্প’ চ্যালেঞ্জসহ নানান আয়োজন। বুধবার ধানমন্ডির রিয়া গোপ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় চলমান আয়োজনের ঢাকাপর্ব। সেখানে অতিথি হিসেবে ছিলেন জ্যোতি। জানান, টেস্ট নিয়ে ভাবনা।
টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেট আমি জানিনা সবার কাছে কেমন, তবে আমার কাছে এটা অনেক ভিন্ন একটা বিষয়। কারণ আমার ছোটবেলা থেকেই এটা আমাকে বেশি আকর্ষিত করে। সাদা পোশাকের খেলাটাকে আমি অনেক ঐতিহ্যবাহী অনুভব করি। ক্রিকেটের যদি সৌন্দর্য্য বলা হয় সেটা হল টেস্ট ক্রিকেট।’







